দিনাজপুর
মাদকের জন্য সীমান্তে ছোটাছুটি
সম্প্রতি দিনাজপুর সদর উপজেলার সুন্দরা, খানপুর ও দাইনুর সীমান্ত এলাকা ঘুরে মাদক চোরাচালানের চিত্র পাওয়া গেছে।
দিনাজপুরের সীমান্ত এলাকাগুলোতে সন্ধ্যা নামতেই তৎপর হয়ে ওঠে কয়েকটি পক্ষ। সুযোগ বুঝে ‘লাইনম্যান’ মুঠোফোনে সংকেত দেন—‘লাইন ক্লিয়ার’। এরপর সীমান্তের দিকে এগোতে থাকেন ‘ভারীরা’। খেতের আল ধরে হামাগুড়ি দিয়ে শূন্যরেখার কাছে পৌঁছানোর পর সংকেত দিলে ওপার থেকে মালামাল ছুড়ে দেন ভারতীয় পাচারকারীরা। দ্রুত সেগুলো সংগ্রহ করে ফিরে আসেন তাঁরা।
সম্প্রতি দিনাজপুর সদর উপজেলার সুন্দরা, খানপুর ও দাইনুর সীমান্ত এলাকা ঘুরে মাদক চোরাচালানের এ চিত্র পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সীমান্তের মাদক ব্যবসায়ীদের বলা হয় মহাজন। মাদক আনার জন্য মহাজন যাঁদের নিয়োগ করেন, তাঁদের বলা হয় ‘ভারী’। সীমান্তের অবস্থা জানানোর জন্য ‘লাইনম্যান’ হিসেবে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্সরা। ‘লাইন ক্লিয়ার’ অর্থ হচ্ছে মাদক আনার সুবিধাজনক সময়।
স্থানীয় বাসিন্দা, চোরাচালানে জড়িত ব্যক্তি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এক যুগ আগেও দিনাজপুরের সীমান্ত এলাকাগুলো দিয়ে পাচার হওয়া মালামালের তালিকায় গরু, লবণ, চিনি, সাইকেল, কাপড়ের মতো পণ্যের প্রাধান্য ছিল। লাভ বেশি হওয়ায় এসব পণ্যের বদলে আসছে মাদক। যার বেশির ভাগই ফেনসিডিল। এ ছাড়া আছে ইয়াবা, গাঁজা, মদ ও নেশাজাতীয় ইনজেকশন।
সীমান্ত দিয়ে অবাধে মাদক আসায় একদিকে জেলায় বাড়ছে মাদকসেবীর সংখ্যা, অন্যদিকে মাদক পাচার করতে গিয়ে সীমান্তে হতাহতের ঘটনাও ঘটছে। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর রাতে দাইনুর সীমান্তে মাদক পাচারকালে বিএসএফের গুলিতে মিনারুল (১৬) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়।
দিনাজপুরের স্থানীয় কয়েকটি সংবাদপত্র ঘেঁটে দেখা যায়, ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে আটজন নিহত হয়েছেন। সীমান্তে লাশ পাওয়া গেছে তিনজনের। বিজিবির গুলিতে ছয়জন নিহত ও চারজন আহতের ঘটনা আছে। ভারতে অনুপ্রবেশকালে আটক হয়েছেন ৩২ চোরাকারবারি।
দিনাজপুরের কোতোয়ালি থানার সূত্রমতে, সদর উপজেলায় মাদকদ্রব্য পাচারের সবচেয়ে বড় রুট সুন্দরা, খানপুর ও দাইনুর সীমান্ত। এ তিন ক্যাম্প এলাকা-সংশ্লিষ্ট গ্রামে অন্তত ৩০০ ব্যক্তি মাদকসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য চোরাচালানের কাজে যুক্ত বলে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁদের এক-তৃতীয়াংশই ১৫-৩৫ বছর বয়সী। মহাজন রয়েছেন অর্ধশতাধিক। খুচরা বিক্রেতা হিসেবে নারী মাদক ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে।
দিনাজপুরে বিজিবির সীমান্ত এলাকা ১৪০ কিলোমিটার। সীমান্তরেখায় পড়েছে দিনাজপুর সদর উপজেলা, বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর উপজেলার কিছু অংশ। সীমান্তের ৯৯ দশমিক ৪ কিলোমিটার পড়েছে সদর উপজেলার ৪২ বিজিবির অধীনে। বাকি অংশ ২৯ ও ২০ বিজিবির অধীনে পড়েছে। বিজিবি সেক্টর কমান্ডারের অধীনে রয়েছে ৪১টি বিওপি ক্যাম্প।
নাম প্রকাশ না করার শর্তে খানপুর গ্রামের এক মাদক পাচারকারী বলেন, সন্ধ্যার পর থেকেই তাঁদের সজাগ থাকতে হয়। রাতের যেকোনো সময় ‘লাইন ক্লিয়ারের’ সংকেত আসে। অনেক সময় সংকেত আসতে ভোর হয়ে যায়। সংকেত পেলেই ছোটেন সীমান্তে। আত্মরক্ষার জন্য সঙ্গে থাকে টর্চলাইট, দা, হাঁসুয়া। ভারতীয়দের ছুড়ে দেওয়া মাদকদ্রব্য এনে পুকুরপাড়, ঝোপঝাড়ে রেখে দেন। পরে সুবিধাজনক সময়ে মহাজনের কাছে পৌঁছান।
এক রাতে ১০০ বোতল ফেনসিডিল সীমান্ত থেকে ৫০০ মিটার দূরত্বে নিরাপদে সরিয়ে আনলে মহাজনের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা পাওয়া যায় বলে ‘ভারীদের’ সঙ্গে কথা বলে জানা গেছে। তাঁরা বলছেন, ভারীদের কাছে মাল বুঝে পাওয়ার পর সবুজসংকেত পেলে এজেন্টের মাধ্যমে ভারতীয় মাদক ব্যবসায়ীদের টাকা পরিশোধ করেন বাংলাদেশের মাদক ব্যবসায়ীরা।
সীমান্ত দিয়ে যত মাদক আসে, তার খুব কমই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। বিজিবির হিসাব অনুযায়ী, দিনাজপুর সীমান্ত এলাকায় ২০১৯ সালের নভেম্বর থেকে ২০২২ সালের ১০ মে পর্যন্ত অভিযানে ৮ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৭৬৭ টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়।
সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, মাদক পাচারকারীরা এলাকায় অনেক প্রভাবশালী। বিজিবি ও পুলিশের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। ভয়ে তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলে না বলে অভিযোগ রয়েছে। খানপুর সীমান্তের যুবক রুম্মন আলী বলেন, ‘কাকে অভিযোগ দেব? অভিযোগ দিলে উল্টো মালসহ যদি ফাঁসায় দেয়, এই ভয়ে এলাকার কেউ জোর গলায় কোনো প্রতিবাদে যায় না।’
মাদক ব্যবসার টাকার ভাগ পুলিশের কাছেও যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। তবে অভিযোগ অস্বীকার করে খানপুর সীমান্ত বিটে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, বিজিবির আওতাধীন এলাকায় পুলিশ অভিযান চালাতে পারে না। পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গেলেও কৈফিয়ত দিতে হয়। ফলে সেখানে পুলিশের তেমন কিছু করার থাকে না।
বিজিবির বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন দিনাজপুর ৪২ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার। সীমান্ত দিয়ে মাদক আসার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘মাদক নিয়ন্ত্রিত। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি।’
এদিকে পশ্চিমে আকাশে সূর্য হেলে পড়তেই শুরু হয় মাদকসেবীদের ছোটাছুটি। ফেনসিডিলের খোঁজে বাইকে চেপে তাঁরা চলে যান সীমান্তঘেঁষা এলাকাগুলোতে। মাদকসেবী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, রামসাগর, খানপুর, কমলপুর, মালিগ্রাম, বনতাড়া, চিরিরবন্দর উপজেলার কারেন্টের হাট এলাকা মাদক বিক্রির জন্য পরিচিত হয়ে উঠেছে।
আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, সন্ধ্যার আগে থেকে শুরু হয়, রাত ৯টা পর্যন্ত শহর থেকে সর্বনিম্ন দুই-আড়াই শ মোটরসাইকেল খানপুরের রাস্তায় আসে। প্রতিটি মোটরসাইকেলে দুই থেকে তিনজন পর্যন্ত আসে। মাদক সেবন করে চলে যায়।
নাম প্রকাশ না করে একজন মাদকসেবী জানালেন, এ ক্ষেত্রে এমন অনেকেই আছেন, নিয়মিত একজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মাদক নেন, কিন্তু সামনাসামনি কখনো দেখাই হয়নি।
মাদক সেবন শেষে শহরের পুলহাট, বড়মাঠ, মহারাজার মোড়, কলেজ মোড়সহ নির্দিষ্ট কিছু জায়গার চায়ের দোকানে আড্ডায় বসেন মাদকসেবীরা। দোকানির কাছে তাঁদের চাহিদা থাকে, বেশি চিনির চা।
এ বিষয়ে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন বলেন, যেসব রুটে মাদকসেবীদের যাতায়াত আছে সেখানে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করায় মাদক কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পারিবারিক সচেতনতা ও তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের এগিয়ে আসা খুব জরুরি।