কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে হাসপাতালের হাম ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গত ৪২ দিনে জেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫।
মারা যাওয়া দুই শিশু হলো চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকার রকিবুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে আবু রাফসান এবং কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকার মো. ফারুকের ৫ মাস বয়সী ছেলে মিফতাহুল।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের হাম ইউনিটে ভর্তি হয়েছে আরও ৫২ শিশু।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৯ মার্চ থেকে আজ রোববার পর্যন্ত ৪২ দিনে জেলায় হামের উপসর্গ থাকা ১ হাজার ৭২৭ শিশু শনাক্ত হয়। এর মধ্যে ৪২৪ শিশুর নমুনা পরীক্ষা করে ১১৯ শিশুর হাম শনাক্ত করা হয়েছে।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪৪ শিশু। এর মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৮০, চকরিয়ায় ১৮, পেকুয়ায় ৫, উখিয়ায় ১০, টেকনাফে ১০, মহেশখালীতে ১৫, রামুতে ৫ এবং কুতুবদিয়ায় ১ শিশু চিকিৎসাধীন।
এ পর্যন্ত মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে রামুতে ৬, কক্সবাজার পৌরসভায় ২, কক্সবাজার সদরে ২, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া ও চকরিয়ায় ১টি করে এবং ১ রোহিঙ্গা শিশু রয়েছে।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন মো. আলমগীর বলেন, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। রোগ প্রতিরোধে জেলার ৯টি উপজেলায় ইতিমধ্যে চার লাখের বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
কয়েকজন চিকিৎসক জানান, মহেশখালী, রামু, চকরিয়া, কক্সবাজার পৌরসভা, টেকনাফ ও উখিয়ার দুর্গম উপকূলীয় ও পাহাড়ি এলাকায় ৫ থেকে ৯ মাস বয়সী শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। গত দুই থেকে আড়াই বছরে এসব এলাকার অনেক শিশু নিয়মিত টিকা পায়নি। হাসপাতালে মারা যাওয়া অধিকাংশ শিশুর বয়স ছিল ৬ থেকে ৯ মাস।