পণ্যবাহী ট্রলির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ছেলের, দুই পা বিচ্ছিন্ন মায়ের
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পণ্যবাহী ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। অটোরিকশার চালক ছাড়া নিহত ও আহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় এক নারীর দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ শনিবার দুপুর একটার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ (১২) ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মিঠু খাঁর ছেলে। দুই পা বিচ্ছিন্ন হওয়া মুক্তা বেগম (৪০) তার মা। আহত জুনায়েদ (৪) ও মীম (১৪) তাঁদের স্বজন। বাকি তিনজনের নাম জানা যায়নি। এ ছাড়া আহত নুর মোহাম্মদ (৩৫) অটোরিকশাটি চালাচ্ছিলেন।
কলাপাড়া থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার চাপলী বাজার থেকে অটোরিকশায় করে মুক্তা বেগমসহ অন্যরা কলাপাড়া উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় পৌঁছালে পণ্যবাহী ছয় চাকার একটি ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়। আহত হন মুক্তা বেগমসহ অটোরিকশায় থাকা বাকি সাতজন। দুর্ঘটনার পরপরই আহত ব্যক্তিদের উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন। তাঁদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জে এইচ খান লেলিন প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের মধ্যে মুক্তা বেগমের দুটি পা দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর শরীরেও আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পণ্যবাহী ট্রলিটি আটক করেছে। তবে চালক পলাতক। পুলিশ আহত লোকজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে।