নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে কিশোরের মৃত্যু
পটুয়াখালীর মির্জাগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে পায়রা নদী থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওই কিশোরের নাম অপূর্ব শীল (১৩)। তাঁর বাড়ি বাউফল উপজেলার মদনপুর ইউনিয়নের বিরপাশা গ্রামের অসীম চন্দ্র শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপূর্ব শীল কয়েক দিন আগে তাঁর মা মনিকা রানীর সঙ্গে রামপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। গতকাল বিকেল থেকে অপূর্বকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির কাছে পায়রা নদীতে পড়ে যেতে পারে, এমন ধারণা থেকে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে পায়রা নদী থেকে অপূর্বর লাশ উদ্ধার করে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, অপূর্ব শীল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। তবে মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।