মৌলভীবাজার
পরিত্যক্ত পলিথিনের হাট
শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ রক্ষায় পরিত্যক্ত পলিথিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
মাটির উর্বরতা শক্তি নষ্ট, শহরে জলাবদ্ধতা তৈরি ও শহরকে অপরিচ্ছন্ন করার একটি বড় উপাদান হয়ে উঠেছে পরিত্যক্ত পলিথিন। কোনোভাবেই পলিথিনের ব্যবহার এবং যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা রোধ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ রক্ষায় পরিত্যক্ত পলিথিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার পৌরসভা।
সপ্তাহে এক দিন পৌরসভার মেয়র চত্বরে সংগ্রহকারীদের কাছ থেকে এই পলিথিন কিনবে পৌর কর্তৃপক্ষ। সপ্তাহের প্রতি রোববার বেলা সাড়ে তিনটা থেকে মেয়র চত্বরে বসবে ব্যবহৃত ও পরিত্যক্ত পলিথিনের হাট। গত রোববার বিকেল থেকে এই পলিথিনের হাট শুরু হয়েছে। প্রতি কেজি পলিথিনের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
গত রোববার বিকেল চারটার দিকে মেয়র চত্বরে গিয়ে দেখা যায়, অর্ধশতাধিক নারী-পুরুষ পলিথিন ভরা বস্তা নিয়ে মেয়র চত্বরে উপস্থিত হয়েছেন। চত্বরে শতাধিক বস্তা সাজিয়ে রাখা হয়েছে। তখনো কেউ কেউ মাথায় করে বস্তা নিয়ে মেয়র চত্বরে আসছেন। পৌরসভার কর্মচারীরা প্রতিটি বস্তা ওজন দিয়ে পরিমাণ নিশ্চিত করছেন।
পলিথিন বিক্রেতা মাহমুদ মিয়া বলেন, ‘পৌরসভার হাটবাজার, রাস্তা থাকি (থেকে) কষ্টমষ্ট করি থুবাইয়া (কষ্টে সংগ্রহ করে) এই পলিথিন আনছি (এনেছি)। আগে থাকি পলিথিন থুবাই (সংগ্রহ করি)। ভাঙারির কাছে বেচতাম। অখন (এখন) পৌরসভার কাছে বেচলে ভাঙারি থাকি বেশি পাইমু। কিছুটা লাভ অইব।’ শামীম মিয়া বলেন, ‘পৌরসভা পলিথিন কিনব জানার পর তিন-চাইর দিনে চাইর বস্তা জোগাড় করছি।’
পিংকি বাসফর জানিয়েছেন, পৌরসভা এই পলিথিন কেনার ব্যবস্থা করায় এখন থেকে প্রতি সপ্তাহে বাড়তি কিছু টাকা আয় হবে তাঁদের। রাজন বাসফর সংগ্রহ করা সাত কেজি পলিথিন বিক্রি করে পেয়েছেন ৩৫০ টাকা। ডলি বাসফর নিয়ে এসেছিলেন তিন কেজি পলিথিন। তিনি পেয়েছেন ১৫০ টাকা।
পলিথিন হাটের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। সভাপতিত্ব করেন কাউন্সিলর মোহাম্মদ নাহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেইন খান বলেন, ‘পলিথিন পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্টি করছে। এই পলিথিন মাটিতে, নালা-নর্দমা, রাস্তায় না থাকলে শহর যেমন পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে, তেমনি পরিবেশেরও সুরক্ষা হবে। কোনো পৌরসভায় এ রকম পরিত্যক্ত পলিথিন সংগ্রহের কোনো উদ্যোগ মনে হয় এই প্রথম।’
বক্তব্য দেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি ফেরদৌস আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ উমেদ আলী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকীবুর রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জালাল আহমদ, সৈয়দ সেলিম হক, জিমি আক্তারসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, হাটবাজার, দোকান, বাসাবাড়িতে বিভিন্ন পণ্যের সঙ্গে ছোট-বড় প্রচুর পরিমাণ পলিথিন পরিত্যক্ত হচ্ছে। মাছ, সবজি, মনিহারি, স্টেশনারিসহ প্রতিটি পণ্যের সঙ্গে একেকটি পলিথিন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া চিপস, চানাচুর, বিস্কুটসহ শুকনো খাবারের প্যাকেটও তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পলিথিনে। এসব পলিথিন রাস্তায়, পানিনিষ্কাশনের নালা-নর্দমাসহ যেখানে–সেখানে ফেলা হচ্ছে। এতে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়ছে। মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। নালার পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে।
বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ঝোড়ো বাতাস হলে রাস্তায় ফেলে রাখা পলিথিন উড়ে গিয়ে পথচারীর নাকেমুখে লাগছে। কোনোভাবেই যত্রতত্র পলিথিন ফেলা রোধ করা সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা রোধ করা এবং সামগ্রিক পরিবেশ রক্ষা করতে পৌর পরিষদ পরিত্যক্ত পলিথিন কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি রোববার বেলা সাড়ে তিনটা থেকে পৌরসভা কার্যালয় এলাকার মেয়র চত্বরে পলিথিনের হাট বসবে। এই হাটে ছোট-বড়, রঙিন—সব ধরনের পলিথিন কেনা হবে। এই পলিথিন আপাতত পৌরসভার ডাম্পিং স্টেশনে জমা রাখা হবে। পরে পরিত্যক্ত পলিথিন রিসাইক্লিং করে, এমন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। সেটা সম্ভব না হলে পরিবেশবান্ধব উপায়ে ধ্বংস, নয়তো রিসাইক্লিং করার উদ্যোগ পৌরসভা কর্তৃপক্ষ গ্রহণ করবে। যারা যতটা বস্তা নিয়ে আসবে, পরবর্তী সময়ের জন্য প্রত্যেককে ৫০ কেজি মাপের ততটা খালি বস্তা দেওয়া হবে।
মেয়র ফজলুর বলেন, ‘আমরা পরিবেশবান্ধব শহর গড়তে চাই। এ লক্ষ্যে দোকান, রাস্তা, ড্রেন, বাসাবাড়িসহ সব জায়গা থেকে সংগ্রহ করা যেকোনো ধরনের পলিথিন আমরা কিনব। আমরা শহরকে পরিত্যক্ত পলিথিনমুক্ত করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত করতে চাই। সামগ্রিকভাবে পরিবেশ রক্ষা করতে চাই।’