ময়মনসিংহে সমাবেশের আগে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন সৈয়দ এমরান সালেহ। শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে
ছবি: সংগৃহীত

১০ দফা দাবিতে আগামীকাল শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের আগে বিভাগের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হয়রানি করছে। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ।

সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ বলেন, বিভাগীয় সমাবেশের আগে গত বুধবার রাতে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বিএনপির ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া শেরপুর জেলায় চার দিন ধরেই কোনো কারণ ছাড়াই পুলিশ বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেছে। সরকার বিএনপির চলমান আন্দোলনকে দমন করতেই পুলিশ দিয়ে এমন হয়রানি চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলীম, শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব প্রমুখ।

সৈয়দ এমারান সালেহ আরও বলেন, কাল শনিবার বেলা দুইটায় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ হবে। এ জন্য গত ২৬ জানুয়ারি থেকে বিএনপি ময়মনসিংহ বিভাগের সব জেলা, উপজেলাসহ ‍তৃণমূল পর্যায়ে প্রচার চালিয়ে আসছে। প্রচারের সময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিএনপির সরকার পতনের এ আন্দোলন এখন সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। সরকার যতই বাধার সৃষ্টি করুক না কেন, মানুষ শনিবারের সমাবেশে যোগ দেবেই।

শনিবারের বিভাগীয় সমাবেশ শুরু হবে বেলা দুইটায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন।