কেন্দুয়ায় বিদ্যালয়ের ৫ পদে পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে পাঁয়তারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলার মানচিত্র

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচটি পদে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই নিয়োগ কমিটির দুজন ও বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পরে ওই অভিযোগের অনুলিপি সাংবাদিকদের কাছে দেওয়া হয়।

ওই অভিযোগ সূত্রে জানা গেছে, কেন্দুয়া রওশন ইয়াজদানী একাডেমির শূন্য পদে একজন করে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, আয়া, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিতে গত ২২ অক্টোবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদগুলোর জন্য ৪৯ জন প্রার্থী আবেদন করেন। তাঁদের মধ্যে বাছাইয়ে চারজন বাদ পড়েন।

আগামীকাল শনিবার নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ে এ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা। কিন্তু বিদ্যালয়ের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আল আমিন ভূঁইয়া এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মিলে তাঁদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন।

অভিযোগের বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির ও পরিচালনা কমিটির সভাপতি আল আমিন ভূঁইয়া প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘আমাদের নামে অপবাদ ছড়ানো হচ্ছে। যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পরীক্ষা সম্পন্ন হবে। কারও কাছ থেকে কোনো উৎকোচ নেওয়ার ঘটনা ঘটেনি।’

লিখিত অভিযোগ দেওয়া তিনজন হলেন নিয়োগ কমিটির সদস্য আশরাফুল আলম, মাসুদ তালুকদার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আহসানুল কবির। অভিযোগে উল্লেখ করা হয়, সভাপতি ও প্রধান শিক্ষক মিলে তাঁদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে প্রায় ৬০ লাখ টাকায় রফা করেছেন। নিয়োগ কমিটির অন্য সদস্যদের ম্যানেজ করে পছন্দের প্রার্থীদের নামমাত্র পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এতে অভিজ্ঞ ও মেধাবী প্রার্থীরা বঞ্চিত হবেন।

লিখিত অভিযোগে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ বিদ্যালয়টিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ প্রথম আলোকে বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’