শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলছিল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে শ্বশুরবাড়ির পাশ থেকে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. সোহেল (২৯)। তিনি উপজেলার শর্শাদি ইউনিয়নের ফতেহপুর গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গাছের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেলর হাসপাতালে পাঠায়।

নিহত মো. সোহেল পেশায় মাইক্রোবাসের চালক। তিনি বিবাহিত। তাঁর ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত যুবকের গলায় দাগ রয়েছে। এর বাইরে ডান হাতের কবজির ওপরে থেঁতলানো। তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, আট বছর আগে মো. সোহেল বিয়ে করেন। বিয়ের পর থেকে নানা বিষয়ে তাঁর পরিবারের সঙ্গে শ্বশুরপক্ষের মনোমালিন্য শুরু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।