বগুড়ার এক ইউপি চেয়ারম্যান নির্বাচনে নৌকার প্রার্থী চতুর্থ অবস্থানে
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হযরত আলী আনারস প্রতীকে ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুজ্জামান চশমা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২৩ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইনছান আলী ২ হাজার ২৩৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
স্বতন্ত্র আরেক প্রার্থী আতিকুজ্জামান সজীব ৩ হাজার ৫৫৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।
গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. দুলাল হোসেন সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১২টি কেন্দ্রে ইভিএমে একটানা শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে। এতে ২৩ হাজার ৭৫৬ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ৪০৭ জন ভোট দিয়েছেন।
গত ৮ আগস্ট আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলমের মৃত্যুতে চেয়ারম্যানের পদ শূন্য হয়। গতকাল শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।