অভয়নগরে মাছের ঘের থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
যশোরের অভয়নগর উপজেলার একটি মাছের ঘের থেকে নাঈমা খাতুন (৮) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি মাছের ঘেরের কচুরিপানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নাঈমা খাতুন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় ঘোপেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
নিহত স্কুলছাত্রীর বাবা মনিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় পাশে দাদার বাড়ি যাওয়ার কথা বলে নাঈমা বাড়ি থেকে বের হয়। এ সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত সোয়া ১১টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামালের মাছের ঘেরের কচুরিপানার ভেতরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার পর হত্যা করে মাছের ঘেরের কচুরিপানার মধ্যে ফেলে রাখা হয়েছে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, মাছের ঘেরের কচুরিপানার ভেতর থেকে স্কুলছাত্রী নাঈমার লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মেয়েটি সাঁতার জানত না। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।