‘বন্ধন এক্সপ্রেস’ থেকে অবৈধভাবে আনা ভারতীয় ওষুধ, শাড়ি ও প্রসাধনী জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের বেনাপোল রেলস্টেশনে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে জব্দ সামগ্রী
ছবি: প্রথম আলো

ভারতের কলকাতা এবং বাংলাদেশের খুলনার মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, শাড়ি ও প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে কাস্টমস গোয়েন্দারা অবৈধভাবে আনা এসব পণ্য উদ্ধার করেন।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, কলকাতার চিৎপুর রেলস্টশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বেনাপোলের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল ট্রেনটিতে তল্লাশি চালায়। এ সময় ট্রেনের একটি বগি থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জর্দা, ফেসওয়াশ, ক্রিম, ডেক্সামেথাসন ট্যাবলেট, শাড়ি ও সিল্ক সুতা উদ্ধার করা হয়। তবে এসব পণ্যের মালিককে আটক করতে পারেনি কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল বেনাপোলের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, উদ্ধার করা এসব পণ্য বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।