ঝড়ের তাণ্ডবে ভাঙ্গায় বাসের ওপর ভেঙে পড়ল বিলবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাঙ্গায় পার্কিং করা দুটি বাসের ওপর গতকাল রাতে ঝড়ের সময় একটি বিলবোর্ড ভেঙে পড়ে
ছবি: প্রথম আলো

ফরিদপুরের ভাঙ্গায় গতকাল সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে পার্ক করে রাখা দুটি বাসের ওপরে একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। এ ঘটনায় বাসের ভেতরে থাকা চালকের দুই সহকারী নিরাপদে বের হতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার প্রবেশমুখের কাছে স্থানীয় রুটে চলাচলকারী বাসগুলো পার্ক করে রাখা হয়। গতকাল রাতেও সেখানে বাস পার্ক করা ছিল। রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে থাকা বিশালাকৃতির একটি বিলবোর্ড ঝোড়ো বাতাসে দুটি বাসের ওপর ভেঙে পড়ে। এ সময় বাসের মধ্যে থাকা চালকের সহকারীরা নিরাপদে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, অপরিকল্পিত ও দুর্বল হয়ে যাওয়ায় ওই বিলবোর্ড দুটি লোকাল বাসের ওপর ভেঙে পড়ে। ঘটনাটি দিনের বেলা ঘটলে বিপদ হতে পারত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একবার বিলবোর্ড স্থাপন করলে সেটা সারা জীবনের জন্য থেকে যায়। কখন সেটা নড়বড়ে হয়ে যায়, সেটা কেউ তদারকি করেন না। তিনি সব বিলবোর্ড সরিয়ে নেওয়ার কথা উল্লেখ করে বলেন, বিলবোর্ডের জন্য গাড়ি চালাতে গিয়েও প্রতিনিয়ত সমস্যায় পড়তে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন বলেন, ‘অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণে আমরা ইতিমধ্যেই হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা করি। তা ছাড়া আমি নিজেও ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেব।’