আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে স্লোগান, একজনকে ধরে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে স্লোগান দেওয়ার অভিযোগে একজনকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল বুধবার রাতে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম সায়মন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর রাজনৈতিক পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় একাধিক বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে জেলা ও মহানগর আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে স্থানীয় পাঁচ থেকে সাত সমর্থক ও নেতা–কর্মী ব্যানার টানিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে দ্রুত সরে যান। বিকেলে বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ওই ব্যানার খুলে ফেলেন। পরে রাতে সায়মনকে সেখান থেকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।
বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের ভাষ্য, গতকাল দুপুরে সেখানে ব্যানার টানানোর সময় সায়মন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তির রাজনৈতিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের সময় হামলার অভিযোগে মামলা আছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানের মতো নারায়ণগঞ্জেও জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় আছে।