তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য, হিরোইজম দেখাতে জড়ান অপরাধে

ফেনীতে র‍্যাবের হাতে আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল রাতে র‍্যাব কার্যালয়েসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও বিভিন্ন আবাসিক এলাকায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও ইভ টিজিং করেন তাঁরা। তাঁরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। নিজেদের গ্রুপের নামও দিয়েছেন তাঁরা। ফেনীতে এমন একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, মূলত এলাকায় ‘হিরোইজম’ দেখাতে তাঁরা অপরাধে ঝুঁকেছেন। কিশোর গ্যাংয়ে যোগ দিয়ে অন্য কিশোরদের ভয় দেখানো, মারধরের মধ্য দিয়ে অপরাধের শুরু। এরপর ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ের তাঁরা। এলাকার একটি রাজনৈতিক চক্রের কাছ থেকে আশ্রয়-প্রশ্রয়ও পান তাঁরা।

গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ছয় সদস্যের মধ্যে আছেন দলের প্রধান মো. ফজলুল কবির ওরফে নিলয় (২৩), মো. আশরাফুল হাসিব (২২), আকিব ইমতিয়াজ (২২), মো. সুজন (২০), আবদুল হান্নান (২৩) ও মোতালেব হোসেন (২২)। তাঁরা ফেনী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গতকাল শনিবার রাতে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন।

র‍্যাব জানায়, ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে, এমন সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করেন র‍্যাব সদস্যরা। এ সময় পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকা থেকে কিশোর গ্যাং গ্রুপের প্রধান মো. ফজলুল কবিরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্টিলের ফোল্ডিং চাকু ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়। এরপর তাঁদের পুলিশে হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান জানান, কিশোর গ্যাংয়ের ছয়জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাত একটার দিকে ফেনী পৌরসভার শহীদ শহীদুল্লা কায়সার সড়কের র‍্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। র‍্যাবকে দেখে তাঁরা পালাতে চাইলে ছয়জনকে ধরে ফেলে র‌্যাব। দুজনের কাছ থেকে দুটি চাকু ও গাঁজা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা হয়েছে।