তর্কাতর্কির জেরে কর্ণফুলিতে তরুণ হত্যার ঘটনায় মূল আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে সেপটিক ট্যাংকের পানি চলাচল নিয়ে তর্কাতর্কির জের ধরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাঁকে ঢাকার শনির আখড়া থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম জাহাঙ্গীর আলম (২৫)। তিনি কর্ণফুলী উপজেলার জুলধা ৪ নম্বর ওয়ার্ডের মো. ইদ্রিসের ছেলে।

গত বুধবার বিকেলে মো. নুরুল আনোয়ার (৩৫) নামের এক যুবকের মায়ের সঙ্গে পাশের ঘরের জাহাঙ্গীরের তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে একই দিন রাতে নুরুল আনোয়ারকে কুপিয়ে হত্যা করা হয়। বুধবার রাত আটটার দিকে উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনিস তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। নুরুল আনোয়ার জুলধা ইউনিয়নের মৃত কবির আহমদের ছেলে। পেশায় তিনি গাড়িচালক ছিলেন।

আরও পড়ুন

এ ঘটনার পর নুরুল আনোয়ারের ভাই মো. আবছার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, হত্যার ঘটনার পর জাহাঙ্গীর পালিয়ে ঢাকায় যান। সেখানে তিনি শনির আখড়া এলাকায় রিকশা চালানো শুরু করেন। গতকাল শনির আখড়া থেকেই জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।