ঘাতক চিহ্নিত হলেও সাড়ে ৯ বছরে হত্যার বিচার কেন হয় না, প্রশ্ন ত্বকীর বাবার
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১১৪ মাস উপলক্ষে কর্মসূচিতে তাঁর বাবা রফিউর রাব্বি বলেছেন, ঘাতক চিহ্নিত হলেও সাড়ে ৯ বছরে ত্বকী হত্যার বিচার হয় না। শাসকগোষ্ঠীর ছত্রচ্ছায়ায় অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। বিচারহীনতাকে সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। স্বাধীনতার আগেও বিচারহীনতার এমন নজির ছিল না।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে রফিউর রাব্বি এসব কথা বলেন। ত্বকী হত্যাকাণ্ডের পর থেকে বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আজকের কর্মসূচিতে রফিউর রাব্বি সাগর-রুনি, তনু, নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠুসহ সব হত্যার বিচার দাবি করেন। চার বছর আগে নিখোঁজ আড়াই বছরের শিশু সাদমান সাকিকে উদ্ধারের দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মনি সুপান্থ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ জেলা সদস্যসচিব আবু নাঈম, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন জেলার নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন ও সামাজিক সংগঠন ‘সমমনা’র সাধারণ সম্পাদক গোবিন্দ সাহা।
হালিম আজাদ বলেন, সাড়ে আট বছর আগে ত্বকী হত্যার তদন্ত শেষ করে অভিযোগপত্র তৈরি করে রাখার পরেও তা আদালতে পেশ করা হয়নি। সরকার মুখে যা–ই বলুক না কেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যেহেতু সরকারদলীয়, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে আছে, সে কারণেই এ বিচার হচ্ছে না।
মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে এ হত্যার বিচার শুরু করার নির্দেশ দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।’
২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।