হাসপাতালের ময়লার স্তূপে পাওয়া গেল নবজাতকের লাশ

চুয়াডাঙ্গা জেলার মানচিত্র

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের সামনের ময়লার স্তূপ থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ওয়াহিদ মাহমুদ প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে হাসপাতালের কর্মীরা নতুন ভবনের সামনের ময়লার স্তূপে ওই মেয়ে নবজাতকের লাশ দেখতে পান। ধারণা করা হচ্ছে, আগের রাতে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে নবজাতকটি। খবর পেয়ে সদর থানার পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে।

লাশটি আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান।

তিনি প্রথম আলোকে বলেন, ময়লার স্তূপে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। এরপর লাশটি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, কেউ অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে নবজাতকের লাশ ময়লার ভাগাড়ে ফেলে গেছে। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে।