বাস ও দুটি মোটরসাইকেলের ত্রিমু‌খী সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম শাহেদুজ্জামান (১৭)।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় বিশ্বনাথ-রশিদপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহেদুজ্জামান স্থানীয় এক‌টি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং বিশ্বনাথের ইলামেরগাঁও (উত্তর মিরেরচর) গ্রামের আবদুল মালিকের ছেলে। এ দুর্ঘটনায় আরও পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

আহত পাঁচজন হলো বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের জহির উদ্দিন (১৯), নয়ন মিয়া (১৮), পূর্ব চান্দশিরকাপন গ্রামের আল-আমিন (২০), উত্তর মিরেরচর গ্রামের কাউছার আহমদ (১৫) ও একই গ্রামের ফাহাদ মিয়া (১৭)।

স্থানীয় ও পু‌লিশ সূত্রে জানা গেছে, ছয় কিশোর ও তরুণ দু‌টি মোটরসাইকেলে করে বিশ্বনাথ থেকে রশীদপুরের দিকে যা‌চ্ছিল। বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবা‌হী বাসটি দুর্গাপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল দুটির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ছয়জন আহত হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় এক‌টি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে ওই হাসপাতালে নিয়ে গেলে কর্তব‌্যরত চি‌কিৎসক শাহেদুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, একটি বাসের সঙ্গে ওই দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। মামলা দেওয়া হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।