সিরাজগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

বৃদ্ধকে কুপিয়ে হত্যার খবরে তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন ও গ্রামবাসী। আজ সোমবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামেছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে সোবহান প্রামানিক (৭০) নামের বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া তাঁর স্ত্রী শেফালী খাতুনকে কুপিয়ে আহত করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোবহান প্রামানিক ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি দুগ্ধ সমিতির ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তাঁর স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরের সিঁধ কেটে ভেতরে ঢোকে। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে ঘুমিয়ে থাকা সোবহান ও শেফালীর ওপর এলোপাতাড়ি হামলা চালায় তারা। এতে মাথা ও কপালে আঘাত পেয়ে ঘটনাস্থলে সোবহানের মৃত্যু হয় এবং আহত হন তাঁর স্ত্রী। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সন্দেহভাজন হিসেবে হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে ধরে পুলিশে সোপর্দ করে। হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। অন্যদিকে আহত শেফালীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোবহান গতকাল রোববার সকালে প্রায় ৭০ লাখ টাকায় নিজের এক খণ্ড জমি বিক্রি করেন। দুর্বৃত্তরা হয়তো এ খবর পেয়ে টাকা নিতেই ঘরে ঢুকেছিল। এ ছাড়া গ্রামের একটি খাসপুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে এ বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, সোবহানের মাথা ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন আছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।