কুষ্টিয়ায় শ্যালকের বিরুদ্ধে দুলাভাইকে খুন করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুন
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে শ্যালকের বিরুদ্ধে দুলাভাইকে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ মোল্লা (৪০) কুষ্টিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড আড়ুয়াপাড়া এলাকার আব্দুল জলিল সড়কের মৃত কাশেম মোল্লার ছেলে। অভিযুক্ত আলমগীর হোসেন কুষ্টিয়া পৌরসভার চরমিলপাড়া এলাকার আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মোল্লার সঙ্গে তাঁর চাচাতো শ্যালক আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব ছিল। আজ সকালে শ্বশুরবাড়িতে ঘুমাচ্ছিলেন সিরাজ মোল্লা। এ অবস্থায় তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করেন আলমগীর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির স্ত্রী পারভিন খাতুন বলেন, কয়েক মাস আগে তাঁর স্বামী সিরাজ মোল্লা আলমগীরের স্ত্রীর কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন। টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বিবাদ দেখা দেয়। এরই জেরে ধরে সিরাজকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। স্বামী হত্যার কঠিন শাস্তি দাবি করেছেন পারভিন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা হচ্ছে।