শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ

মো. মফিজুর রহমানছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার পর পুত্রবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে শ্বশুর এবং গতকাল রোববার সকালে পুত্রবধূ মারা যান।

মারা যাওয়া শ্বশুরের নাম মো. মফিজুর রহমান (৭০)। তিনি সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন তিনি। তাঁর পুত্রবধূর নাম রাহিনা আক্তার (৩২)। তিনি মফিজুরের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান অত্যন্ত স্নেহশীল একজন মানুষ ছিলেন। পরিবারের সবাইকে তিনি আগলে রাখতেন। বিশেষ করে মারা যাওয়া ওই পুত্রবধূকে শ্বশুর-শাশুড়ি অত্যন্ত স্নেহ করতেন। শ্বশুরকেও নিজের বাবার মতোই ভালোবাসতেন ওই পুত্রবধূ।

কামাল উদ্দিন বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন ওই পুত্রবধূ। আহাজারি করতে করতে গতকাল ভোরের দিকে জ্ঞান হারান তিনি। এরপর পল্লিচিকিৎসক ডেকে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গৃহবধূও মারা যান।’

গতকাল স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুর এবং সন্ধ্যার পর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান ইউপি সদস্য কামাল উদ্দিন। তিনি বলেন, ‘শ্বশুরের মৃত্যু এবং তাঁর শোকে পুত্রবধূরও মারা যাওয়ার এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকার মানুষ অত্যন্ত শোকাহত।’