ফরিদপুর শহরের নিকটবর্তী বাখুন্ডা বাজারে গত ২৬ মে দিবাগত রাত দুই থেকে চারটা পর্যন্ত যে ডাকাতির ঘটনা ঘটেছে, তাতে চারটি ডাকাত দলের ২০ থেকে ২৫ জন সদস্য অংশ নেন। এ ডাকাতির সঙ্গে জড়িত এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুজন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
ফরিদপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মো. শাহজাহান। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পুলিশ সুপার বলেন, গত ১৩ জুন থেকে বুধবার ভোর সোয়া তিনটা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ জনকে আগেই আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি পাঁচজনকে বুধবার আদালতে সোপর্দ করা হয়। এই পাঁচজনকে গত মঙ্গলবার দুপুর থেকে বুধবার ভোররাতে ঢাকা, বেনাপোল, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতি করে নেওয়া আট আনা ওজনের সোনার অলংকার ও ২০ ভরি রুপা উদ্ধার করা হয়।
ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে যে পাঁচ ব্যক্তিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে, তাঁরা হলেন ময়মনসিংহের কুড়িপাড়া গ্রামের আনোয়ার হোসেন ব্যাপারী, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের মো. এমারত শেখ, কুড়িগ্রাম সদরের খাউরার পাড় গ্রামের সাইদুল সরকার, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার রানীসার গ্রামের মো. শহীদ ওরফে আবুল ও ঢাকার দোহার উপজেলার মেঘুলা গ্রামের উজ্জ্বল দাস।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জব্বার হোসেন জানান, ডাকাত দলের সদস্যরা মালামালের সঙ্গে কয়েকটি মুঠোফোন ডাকাতি করেছিলেন। এর সূত্র ধরে ১৩ জুন রাশেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শরীয়তপুর থেকে কাজল দেবনাথ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এভাবে পর্যায়ক্রমে ১৩ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কাজল দেবনাথ ও আবদুল আল মাসুদের (৩৩) স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী ৬ জুলাই র্যাবের সহায়তায় এ চক্রের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এসআই জব্বার হোসেন বলেন, ৬ জুলাই গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে ১০ জুলাই তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বর্তমানে তাঁদের পর্যায়ক্রমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কুমার নদের পাড়ে অবস্থিত শতবর্ষের প্রাচীন বাখুন্ডা বাজারে ২৬ মে দিবাগত রাত দুইটা থেকে চারটা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ওই বাজারে কর্মরত পাঁচ নৈশপ্রহরী ও এক ব্যবসায়ীর হাত, পা ও মুখ বেঁধে মারধর করে গুরুতর আহত করে সোনার দোকানসহ ছয়টি দোকানে ডাকাতি করে টাকা, সোনা, রুপার অলংকার, মুঠোফোনসহ ৩ লাখ ৩০ হাজার ২০০ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যান। এ ঘটনায় ওই বাজারের বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আতিকুল রহমান বাদী হয়ে ২৯ মে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ডাকাতির অভিযোগে একটি মামলা করেন।