মানিকগঞ্জ জেলা আ.লীগের নেতৃত্ব পুরোনোদের হাতেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক আবদুস সালাম
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হলেও নেতৃত্বে পরিবর্তন আসেনি। পুরোনোদের হাতেই ভরসা রেখেছে দল। এই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনকে এবং সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের নাম ঘোষণা করা হয়। এর আগে ২০১৫ সালের জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সম্মেলনেও তাঁরা সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

আজ রোববার বেলা তিনটার দিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এবং আবদুস সালামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। কেউ এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে না। বিএনপির ১০ ডিসেম্বরের ঢাকা সমাবেশের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ফেলে দিলেন না? পল্টনে সমাবেশ করলেন না? পারলেন না? আমি কিন্তু দুই দিন আগে বলেছি, সমঝোতা হবে। আমাদের আকাশের কালো মেঘ কেটে যাবে। ১০ ডিসেম্বর–আতঙ্ক দূর হয়েছে। মানুষ স্বস্তি পেয়েছে।’

আলোচনা পর্বের পরপরই কাউন্সিল ছাড়াই জেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে গোলাম মহীউদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে আবদুস সালামের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে, তিনি যখন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন, ওই কমিটিতে সদস্য ছিলেন গোলাম মহীউদ্দীন ও আবদুস সালাম।

গোলাম মহীউদ্দীন ও আবদুস সালাম—দুজনই বীর মুক্তিযোদ্ধা। তাঁরা ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন। তিনি জেলা পরিষদ নির্বাচনে পরপর দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পেশায় একজন আইনজীবী। আর ১৯৭৬-৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন আবদুস সালাম। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। এ ছাড়া বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও তিনি।

আবদুস সালাম তাঁর বক্তব্যে বলেন, ইতিমধ্যে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে তাঁরা দীর্ঘ সময় ধরে কাজ করছেন। তাঁদের নেতৃত্বে প্রতিপক্ষ বিএনপিকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীরা আজ ঐক্যবদ্ধ। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে দুঃসময়ে ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের মূল্যায়ন করা হবে বলে জানান আবদুস সালাম।