কেশবপুরে সেতু নির্মাণে অনিয়ম, কেটে নেওয়া হচ্ছে নদের পাড়ের মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার হরিহর নদের ওপরে নির্মিত সেতুর পাশের বাঁধের মাটি কেটে নেওয়ায় তিন শতাধিক পরিবার ঝুঁকিতে রয়েছে
ছবি: প্রথম আলো

যশোরের কেশবপুর হরিহর নদের ওপর মধ্যকুল-রামচন্দপুর সেতু নির্মাণে নানা অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। দুই দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি সেতুর কাজ। এলাকার লোকজন বলেন, নদের দুই পাড়ের মাটি কেটে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। ভারী বৃষ্টিতে নদের পানি উপচে আশপাশের অন্তত ৩০০ পরিবারের বাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে।

কেশবপুর উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌর এলাকার মধ্যকুল ও কেশবপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মানুষের সহজ চলাচল এবং কেশবপুর শহরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে হরিহর নদের ওপর ওই সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এর ব্যয় ধরা হয় ৩ কোটি ৮৯ লাখ টাকা। সেতুটির কাজ শুরু করা হয় ২০২০ সালের নভেম্বর মাসের ২২ তারিখে। আর শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের মে মাসে। দুই দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেতুটির কাজ এখনো শেষ হয়নি। কাজটি যৌথভাবে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্স ও কুমকুম নামের একটি প্রতিষ্ঠান যৌথভাবে করছে। বর্তমানে সেতুটির উভয় প্রান্তে ১৮০ মিটার সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে।

গত রোববার দেখা গেছে, সেতুটির মূল কাজ শেষ হয়েছে। এখন চলছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। সংযোগ সড়কে মাটি তোলার কাজ শেষে খোয়া বিছানো হচ্ছে। কিন্তু দেখা গেছে, যে ইট ব্যবহার করা হচ্ছে, সেটি নিম্নমানের। এলাকাবাসী অভিযোগ করেন, সংযোগ সড়কের গাইড ওয়ালেও ৩ নম্বর ইট ব্যবহার করা হয়েছে।

এদিকে সংযোগ সড়ক নির্মাণের জন্য সেতুর উভয় প্রান্তে নদের পাড়ের মাটি কেটে নেওয়া হয়েছে। মধ্যকূল অংশে ছাত্তার গাজীর বাড়ির পাশে ১৫ থেকে ২০ ফুট আর মোহাম্মদ গাজীর বাড়ির পাশেও ২০ ফুট পরিমাণ নদের বাঁধ কেটে মাটি ব্যবহার করা হয়েছে। একইভাবে রামচন্দ্রপুর অংশেও সেতুর উভয় প্রান্তে প্রায় ১০০ ফুট মাটি কাটা হয়েছে। নদে আর দুই ফুট পানি বাড়লেই দফাদারপাড়া, গাজীপাড়া ও মোড়লপাড়ায় পানি ঢুকে পড়বে। এতে ৩০০ পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

নদের পাড়েই ছাত্তার গাজীর বাড়ি। তিনি বলেন, নদের পাড়ের মাটি কেটে নেওয়ায় তাঁরা বন্যার ঝুঁকিতে রয়েছেন।

দফাদারপাড়ার আজিজুর রহমান বলেন, এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। নদে দুই ফুট পানি বাড়লেই বাড়িঘর পানিতে তলিয়ে যাবে। ঠিকাদারকে নদপাড়ের মাটি না কাটতে বললেও তাঁরা শোনেননি।

ঠিকাদারের কাজ দেখাশোনার দায়িত্বে থাকা যশোরের আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘ইটভাটা থেকে ইট কেনার সময় কিছু খারাপ ইট থাকতে পারে। তাই বলে সব ইট খারাপ, এমন নয়। আর পাড়ের মাটি কেটেই কাজ করতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা বলেন, কাজে একটু সময় বেশি লেগে যাচ্ছে। তবে দ্রুততার সঙ্গে কাজ শেষ করার জন্য ঠিকদারকে তাগাদা দেওয়া হচ্ছে। নিম্নমানের ইট ব্যবহার না করার জন্য ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে। নদের পাড় সংরক্ষণের জন্যও বলা হবে।