নেই হাসপাতালের নিবন্ধন। নেই কোনো ডিপ্লোমাধারী নার্স। পরিবেশও নোংরা। এমন নানা অনিয়ম ও ঘাটতি নিয়ে নগরের প্রবেশমুখ কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চলছিল বনি হাসান চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার। আজ বুধবার দুপুরে এক অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ রাখার নির্দেশ দেন চট্টগ্রামের সিভিল সার্জন।
আজ বুধবার নগর ও লোহাগাড়া উপজেলায় ছয়টি হাসপাতাল এবং রোগনির্ণয় কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। তাঁর উপস্থিতি টের পেয়ে মোহরা এলাকায় সিটি ল্যাব অ্যান্ড ডায়াবেটিক সেন্টার নামের একটি রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করে কর্মীরা পালিয়ে যান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখতে বলা হয়েছে।
অভিযানে একই এলাকায় অবস্থিত মোহরা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ওমেগা হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিক সেন্টার এবং কালুরঘাট এলাকার ফেয়ার লাইফ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নোংরা পরিবেশ, নিবন্ধন না থাকাসহ নানা অনিয়মের অভিযোগ আছে। এ ছাড়া লোহাগাড়ার একটি হাসপাতালও বন্ধ করে দেওয়া হয়েছে।
ইলিয়াছ চৌধুরী বলেন, তাঁদের উপস্থিতি টের পেয়ে সিটি ল্যাবের কর্মীরা পালিয়ে যান। এ ছাড়া বাকি পাঁচটি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রের বিরুদ্ধে নিবন্ধন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ নানা ঘাটতি দেখা যায়। অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।