স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে মেয়েকে ঘরে আটকে রাখেন দাদন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সুদসহ ঋণের টাকা দিতে দেরি হওয়ায় ঋণগ্রহীতার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়ে তাঁর কিশোরী মেয়েকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে আটকে রাখা হয়। রোববার বেলা ৩টার দিকে ঋণগ্রহীতা মোস্তা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

মোস্তা মিয়ার অভিযোগ, স্থানীয় দাদন ব্যবসায়ী আবুল কালাম ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার এ ঘটনা ঘটান।

মোস্তা মিয়া ব্যক্তিগত কাজে কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। এ বিষয়ে মোস্তা মিয়া মুঠোফোনে বলেন, তিন মাস আগে ১০ হাজার টাকা সুদ শর্তে একই গ্রামের আবুল কালামের কাছ থেকে থেকে ৫০ হাজার টাকা ঋণ নেন তিনি। সাত দিন আগে ঋণের ৩০ হাজার টাকা পরিশোধ করেছেন। সুদসহ বাকি ৩০ হাজার টাকা গতকাল শনিবার দেওয়ার কথা ছিল। জরুরি কাজে ঢাকায় আছেন তিনি। কিন্তু আবুল কালাম আজ দুপুরে বাকি ৩০ হাজার টাকা নিতে তাঁর বাড়িতে যান। টাকা না পেয়ে তাঁর স্ত্রী আফরোজা বেগমকে বাড়ি থেকে বের করে দেন এবং তাঁর ১৪ বছর বয়সী মেয়ে উম্মে কুলসুমকে ঘরের আটকে রেখে বাইরে থেকে দরজায় তালা দেন আবুল কালাম ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার।

বিষয়টি স্থানীয় লোকজন মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানালে ইউপি সদস্য হাফিজুল ইসলাম রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে উম্মে কুলসুমকে উদ্ধার করেন। অভিযোগের বিষয়ে জানতে আবুল কালামের মুঠোফোনে বেশ কয়েকবার কল করে তাঁর ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঋণের টাকা আদায়ের জন্য ঋণগ্রহীতার মেয়েকে ঘরে আটকে রাখার ঘটনায় মেয়েটির বাবা মুঠোফোনে কল করে অভিযোগ করেছেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।