যশোরের এমএম কলেজে ছাত্রলীগের ভাঙচুর, দুই পক্ষের পাল্টাপাল্টি দোষারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শহীদ আসাদ হলের কয়েকটি কক্ষের আসবাব ভাঙচুর। আজ বুধবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ আসাদ হলের কয়েকটি কক্ষের আসবাব ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষ পাল্টাপাল্টা অভিযোগ করছে। আজ বুধবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে।

আবাসিক হলে হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে দুপুরে ক্যাম্পাসে ছাত্রলীগের একাংশ বিক্ষোভ মিছিল করেছে। এদিকে ভাঙচুরের পর কলেজের উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে শিক্ষক প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

জানতে চাইলে কলেজের উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘হলে কে বা কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে—তা আমরা এখনো পরিস্কার হতে পারেনি। তবে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

হলে থাকা শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে ছাত্রলীগ। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির। তবে এই মানববন্ধনে আসাদ হল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত না হওয়ায় তিনি হলে ছাত্রদের ডাকতে যান। হলে গিয়ে কাউকে না পেয়ে তিনি ছাত্রাবাসের ২০১, ২০২, ২০৩, ২০৫ ও ২০৭ নম্বর কক্ষ ভাঙচুর করেন। এই ভাঙচুরের সময় সভাপতি ছাড়াও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলেন হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন।

এই ভাঙচুরের সঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ সরাসরি অংশ না নিলেও হলের প্রধান ফটকের বাইরে অবস্থান করছিলেন। হলের নিবাসী শিক্ষার্থী জুবায়ের হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীনসহ কয়েকজন বহিরাগত মিলে হলের কয়েকটি কক্ষে অতর্কিত ভাঙচুর চালায়।'

তবে অভিযোগ অস্বীকার করে সালাউদ্দিন কবির বলেন, ‘হলে থাকা ছাত্রলীগের কর্মীরা নিজেদের কক্ষে নিজেরা ভাঙচুর করে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আমাদের অবগত করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, যশোর জেলা আওয়ামী লীগের মধ্যে বিভক্তি রয়েছে। সেই বিভক্তি ছাত্রলীগের মধ্যেও বিরাজমান। ক্যাম্পাসে অবস্থিত শহীদ আসাদ হল ও কলেজে ছাত্রলীগের রাজনীতির দখলে রাখতে প্রায় দুই পক্ষের মধ্যে  পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। আজকের ঘটনাটাও সেই ধারাবাহিকতারই অংশ।