রাজবাড়ীতে যুবদল নেতা হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম শামসুল আলম ওরফে বাবলু হত্যা মামলার রায়ে দুজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া চারজনকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১২ সালের ২৩ আগস্ট দিবাগত রাত সোয়া ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। পেশায় ঠিকাদার শামসুল আলম রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ী শহরের বিনোদপুর। তাঁর বাবার নাম আবদুল হামিদ।

পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দুজন দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আদালত সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন মামলার প্রধান আসামি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর এনাম আলী ওরফে বাচ্চু (৫৫) ও বেড়াডাঙ্গার সানোয়ার রহমান ওরফে জকি (৪২)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পাঁচজন হলেন বিনোদপুর লোকসেড এলাকার ইয়াকুব মিয়া (৪৩), বেড়াডাঙ্গার ফরহাদ হোসেন ওরফে বাপ্পী (৪১), কালুখালী উপজেলার হোগলাডাঙ্গীর রশিদ বিশ্বাস (২৮), বেড়াডাঙ্গার শাহিন (৪০) এবং বিনোদপুরের রানা মিয়া (৩১)। খালাসপ্রাপ্তরা হলেন বিনোদপুরের খাইরুল ভূঁইয়া (৩৬), উজ্জ্বল (৩৫), আরিফ মণ্ডল (৩০) ও আরিফ ওরফে আরিফ কুলি (৩৮)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, এস এম শামসুল আলমের (নিহত) ছোট ভাই ওহিদুল ইসলামের কাছে আসামিরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় তাঁদের আরেক ভাই সহিদুল ইসলামকে আসামিরা গুলি করেন। গুলি করার ঘটনায় শামসুল আলম বাদী হয়ে রাজবাড়ী থানায় ২০১২ সালের ৩ মার্চ মামলা করেন। ওই মামলায় ওই বছরের ২৩ আগস্ট আদালতের বিচারক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানার কথা শুনে বাড়ি ফেরার সময় শামসুল আলমকে আসামি মীর এনাম আলী হত্যার হুমকি দেন। ওই দিন রাতে শহরের আজাদী ময়দানে পালাগান শুনে বাড়িতে ফেরার পথে বিনোদপুর পুলিশ ফাঁড়ি এলাকায় শামসুল আলমকে এলোপাতাড়ি গুলি করা হয়। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের পরদিন ২৫ আগস্ট নিহত শামসুলের ভাই সহিদুল ইসলাম বাদী হয়ে মীর এনাম আলীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। দুজন দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আদালত সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ রায় দেন।

মামলার বাদী সহিদুল ইসলাম বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আমাদের ভাইকে হারিয়েছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করা হোক।’