শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মা-বাবা আহত, ছেলেকে ২ মাসের কারাদণ্ড
গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য নিজের মা–বাবাকে কুপিয়ে জখম করার দায়ে রাসেল সরদার (২৫) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল সরদার উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মাসুম সরদারের ছেলে। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ব্যক্তি হিসেবে পরিচিত। মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাতে রাসেল তাঁর মা–বাবার কাছে মাদকের জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ধারালো দা নিয়ে এসে মা–বাবাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে তাঁর বাবা ও মা উভয়েই আহত হন। ঘটনার পর শ্রীপুর থানায় অভিযোগ করা হলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
অভিযুক্ত রাসেলকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে পুলিশ। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। তিনি জানান, আইন অনুযায়ী ওই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে রাসেলের বাবা মাসুম সরদার বলেন, যখন–তখন তাঁর কাছে টাকা চেয়ে বসে ছেলে। টাকা না দিলে তাঁকে ও মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সোমবার ছেলে তাঁদের ওপর চড়াও হয়। বাধ্য হয়ে ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না।