সেতু নেই, দুর্ভোগে অর্ধলাখ মানুষ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দারছিড়া নদী উপজেলা সদর থেকে বড়বাইশদিয়া ও মৌডুবি এই দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে রেখেছে। খেয়ানৌকায় দারছিড়া নদী পাড়ি দিয়ে জেলা ও উপজেলা শহরে যাতায়াত করতে হয়। এভাবে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের ৪০টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ। একটি সেতুর অভাবে যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের। এই পরিস্থিতিতে ওই দুই ইউনিয়নের বাসিন্দারা এই নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
রাঙ্গাবালী উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২০১২ সালে ২৫ ফেব্রুয়ারি পাঁচটি ইউনিয়ন নিয়ে রাঙ্গাবালী উপজেলা যাত্রা শুরু করে। পরে বড়বাইশদিয়া ইউনিয়নকে ভেঙে বড়বাইশদিয়া ও মৌডুবি দুটি ইউনিয়ন গঠন করা হয়। এমনিতেই জেলার বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। এই উপজেলার উত্তরে আগুনমুখা নদী দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে দারছিড়া নদী। নদীর পূর্ব দিকে রাঙ্গাবালী উপজেলা সদর ও পশ্চিমে বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়ন।
উপজেলা প্রশাসন সূত্র আরও জানায়, বড়বাইশদিয়া ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৫০ হাজার। তাঁদের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী। তাঁদের নানা প্রয়োজনে খেয়ানৌকায় উপজেলা শহরে যাতায়াত করতে হয়। খেয়ানৌকা সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলাচল করে।
এ সময় কথা হয় বড়বাইশদিয়ার চরগঙ্গা গ্রামের সুমাইয়া আক্তার নামের এক শিক্ষার্থীর সঙ্গে। সুমাইয়া রাঙ্গাবালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সুমাইয়া জানান, নৌকায় ঝুঁকি নিয়ে কলেজে আসতে হচ্ছে তাঁকে। অনেক সময় ঘাটে খেয়ানৌকা না থাকলে কলেজে পৌঁছাতে দেরি হয়। আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদী উত্তাল হয়ে উঠলে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়।
বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, ‘ এখানে একটি সেতুর নির্মাণের জন্য বেশ কয়েকবার এলজিইডি কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে।’
রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ‘বছরখানেক আগে ওই নদীর ওপর ২৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের জন্য একটি প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই সেতু নির্মাণের কার্যক্রম শুরু হবে।’