ধুলায় ধুঁকছে হাজারো মানুষ 

দুইবার মেয়াদ বাড়িয়েও সড়কের কাজ শেষ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে তিন বছর ধরে ধুলা ওড়ার কারণে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি-মৃগী সড়কের কাজ বন্ধ রয়েছে। এতে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় ধুলাবালুতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ
প্রথম আলো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মেয়াদ শেষ হওয়ার প্রায় ৯ মাস পরও সড়ক নির্মাণের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্মাণকাজ শেষ না হওয়ায় সড়কে ধুলাবালু উড়ছে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিভিন্ন যানবাহনের যাত্রী দুর্ভোগ পোহাচ্ছেন। ওই সড়ক দিয়ে গাড়ি যাওয়ার সময় আশপাশের বাড়িতেও ধুলাবালু ঢুকছে। এতে স্থানীয় বাসিন্দাদের সমস্যা হচ্ছে। ধুলাবালুর কারণে হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, বালিয়াকান্দি-মৃগী সড়কটি গ্রামীণ সংযোগ উন্নয়ন প্রকল্পের (আরসিআইপি) আওতায় দরপত্র আহ্বান করা হয়। ১২ দশমিক ৩ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজের দায়িত্ব পায় নাটোরের উত্তর বরগাছার ঠিকাদারি প্রতিষ্ঠান মীর হাবিবুল আলম। ১৫ কোটি ৫৫ লাখ ৪ হাজার ১৫০ টাকার চুক্তিমূল্যে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কাজ শুরু করা হয়। দরপত্রের শর্তানুযায়ী, ২০২২ সালের ৩০ এপ্রিল কাজ শেষ হওয়ার কথা। ইতিমধ্যে কাজের মেয়াদ দুইবার বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত সড়কের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, নারুয়া বাজারের পর থেকে সড়কে খোয়া বিছিয়ে ফেলে রাখা হয়েছে। সড়ক দিয়ে ট্রাক, মোটরসাইকেল, ইজিবাইক, নছিমন, ভ্যান, বাইসাইকেল, ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। গাড়ি এলেই ধুলায় এলাকা ছেয়ে যাচ্ছে। রাস্তার পাশের গাছগুলোর পাতায় ধুলায় ঢেকে গেছে। পাতার রং বোঝা যাচ্ছে না। ওই ধুলা সড়কের পাশের বাসিন্দাদের বসতঘরের বেড়া ও টিনেও জমে থাকছে।

বিলধামু গ্রামের বাসিন্দা সাগর বিশ্বাস বলেন, এই সড়কে অনেক দিন খানাখন্দ ছিল। সড়ক দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হতো। প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যেতো। এরপর রাস্তার কাজ শুরু করা হয়। প্রথম প্রথম কিছুদিন কাজ ভালোই চলছিল। তবে এর পর থেকে একদিন কাজ করে তো দুই দিন বন্ধ রাখছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। সর্বশেষ চার মাস আগে এই সড়কে কাজ হয়েছিল। সড়কে খোঁড়ার পর খোয়া দিয়ে সমান করে রাখা হয়। অনেক দিন ধরে এভাবে ফেলে রাখা হয়েছে। এতে রাস্তা থেকে খোয়া উঠে গেছে। মানুষের যাতায়াত করতে আবার কষ্ট করতে হচ্ছে।

বিলটাকাপোড়া গ্রামের বাসিন্দা আবদুল গফুর বিশ্বাস বলেন, রাস্তা এভাবে ফেলে রাখায় খুব সমস্যা হচ্ছে। ধুলাবালুতে সব কিছু একাকার হয়ে গেছে। বাড়িতে থাকাও দায় হয়ে পড়েছে। সবকিছুতে প্রতিদিন প্রচুর পরিমাণে ধুলা পড়ছে। মনে হয়, বাড়ি অনেক দিন ধোয়ামোছা হয় না। কিন্তু এসব হচ্ছে রাস্তার ধুলায়। গাছপালার পাতার ওপরও ধুলার আস্তরণ পড়েছে। এতে পাতার রং বোঝা যাচ্ছে না। শুধু আমার বাড়ি নয়, এই এলাকার প্রতিটি বাড়িতেই এই সমস্যা হচ্ছে। বিশেষ করে যাঁদের বাড়ি সড়কের পাশে, তাঁদের সমস্যার শেষ নেই।

বিলধামু গ্রামের আরেক বাসিন্দা আহমদ আলী মোল্লা বলেন, বাড়িতে খাবারদাবার নষ্ট হয়ে যাচ্ছে। কোনো কিছু ভুল করে খোলা রাখলেই ধুলাবালু গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আম-লিচুর মুকুল আসার সময়। কিন্তু যেভাবে গাছের ওপর ধুলাবালু জমেছে, তাতে মুকুল আসবে কি না সন্দেহ। 

ঠিকাদারের প্রতিনিধি আমিরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ শুরু করেছিলাম। পরে স্থানীয় একজন কাজের দায়িত্ব নেন। তিনি কাজ কিছুদিন বন্ধ রেখে ছিলেন। তবে তাঁকে কাজ শুরু করার তাগাদা দেওয়া হয়েছে। কিছুদিনের মধ্যে আবার কাজ শুরু করা হবে।’

রাজবাড়ীর সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম বলেন, ধুলাবালুর কারণে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, অ্যালার্জিসহ নানা রোগ হওয়ার আশঙ্কা থাকে।

সড়কের কাজ ফেলে রাখায় সাধারণ মানুষের দুর্ভোগ হওয়ার কথা স্বীকার করেছেন বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী খোন্দকার রাহাত ফেরদৌস বলেন, ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। আমরা তাঁকে লিখিত ও মৌখিকভাবে কাজ শুরু করার জন্য তাগাদা দিয়েছি। আশা করছি কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।’