ফেসবুকে জুলাই আন্দোলন নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের শের-ই–বাংলা এ কে ফজলুল হক হলে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থী শারাফাত শারিক (রোহান) বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম ব্যাচের ছাত্র। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হবে বলে প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দুটি পোস্টে শারাফাত শারিক জুলাই আন্দোলনকারীদের নিয়ে কটূক্তি করেন। পোস্টটি ছড়িয়ে পড়লে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল সংসদের নেতারা শারাফাত শারিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা যান। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রক্টর কার্যালয়ে আটক থাকা অবস্থায় শারাফাত শারিক বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নই এবং কারও প্ররোচনায় ওই পোস্ট দেইনি। কয়েকটি শব্দ ব্যবহার করা আমার অনুচিত হয়েছে। আমার উদ্দেশ্য জুলাই আন্দোলনকে লক্ষ্য করে মন্তব্য করা ছিল না; মুক্তিযুদ্ধ নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে গিয়ে শব্দচয়নে ভুল হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুস ছাত্তার বলেন, জুলাই নিয়ে কটূক্তির অভিযোগে ওই শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাও করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইনে ব্যবস্থা নেওয়ার জন্য একটি তদন্ত কমিটিও করা হচ্ছে।

আব্দুস ছাত্তার আরও বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষার্থী জানিয়েছেন, ছাত্রলীগের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী।