ঝড়ের সময় ভবনের দেয়াল ভেঙে পড়ল নিচের টিনশেড ঘরে, আহত ৪ নারী ও শিশু

শরীয়তপুরে একটি ভবনের ছাদের দেয়াল ধসে ভেঙে পড়ে নিচে থাকা টিনের একাধিক ঘরের ওপর। আজ সকালে শরীয়তপুর শহরের পৌর এলাকার আদর্শ নগরেছবি: প্রথম আলো

শরীয়তপুরে ঝড়ে একটি চারতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে চার নারী ও শিশু আহত হয়েছে। আজ বুধবার সকাল ৯টার দিকে শরীয়তপুর শহরের পৌর এলাকার আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন স্থানীয় বাসিন্দা খুকুমনি (৩৫), সানজিদা (৮), খাদিজা আক্তার (৮) ও সিমু আক্তার (২৫)।

স্থানীয় লোকজন বলেন, আজ সকালে শরীয়তপুর শহরের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় আদর্শনগর এলাকার একটি চারতলা ভবনের ছাদের দেয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে। এ ঘটনায় ঘরটির চারটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। দেয়ালের অংশ ও টিনচাপা পড়ে ঘরে থাকা চারজন আহত হন। এ ছাড়া ঘরের বিভিন্ন আসবাব ও ব্যবহার্য জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আদর্শনগর এলাকার বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ভবনটির ছাদে একটি অরক্ষিত দেয়াল ছিল। ঝড়ের সময় সেটি ভেঙে টিনশেড ঘরের ওপর পড়ে। ওই বাড়িতে চারটি পরিবার বসবাস করছিল। আহত ব্যক্তিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঝড়ের সময় অরক্ষিত দেয়াল ভেঙে টিনশেড ঘরের ওপর পড়ে
ছবি: প্রথম আলো

আহত খাদিজার দাদি রেহানা বেগম বলেন, ‘পাশের বিল্ডিংয়ের ছাদের দেয়াল ভেঙে আমাদের ঘরের ওপর পড়ে। দেয়ালের নিচে আমার নাতনি আটকা পড়ে যায়। পরে আমরা তাকে আহত অবস্থায় বের করে হাসপাতালে নিয়ে যাই।’

দেয়াল ভেঙে পড়া ভবনের মালিক আবুল কালাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

পুলিশ জানায়, ঘটনার পরপর তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।