কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সমঝোতা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সমঝোতা স্মারক সই হয়েছে। রোববার সকালে রাজধানী ধানমন্ডিতে পরিষদের সভাপক্ষে
ছবি: প্রথম আলো

টেকসই উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি সই হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য এ এফ এম আবদুল মঈন চুক্তিতে স্বাক্ষর করেন।

রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার ধানমন্ডিতে বিসিএসআইআরের সভাকক্ষে এ চুক্তি সই হয়। এতে বিসিএসআইআরের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক মো. আফতাব আলী শেখ। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য এই চুক্তি কার্যকর থাকবে। প্রতি পাঁচ বছর পর উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়ন করা হবে।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক মো. রশিদুল ইসলাম শেখ।

বিসিএসআইআরের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির সচিব শাহ আবদুল তারিক ও জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. অহিদুল আকবর।

এ চুক্তি অনুযায়ী ভবিষ্যতে গবেষণার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে দুটি প্রতিষ্ঠান বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা প্রকল্পে সহায়তা, ডিজাইন ও বাস্তবায়নে কাজ করবে। মোট আটটি ধারায় এ চুক্তি সই হয়। ধারাগুলোর প্রধান উদ্দেশ্য হলো—জার্নাল আর্টিকেল আদান–প্রদান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান, সে বিষয়ে সম্মেলন-সেমিনার, যৌথ তত্ত্বাবধানে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রদান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আদান-প্রদান, যৌথ প্রকাশনা ও গবেষণা ফলাফলের পেটেন্ট প্রক্রিয়াকরণ এবং প্রতিষ্ঠান দুটির গবেষণা প্রদর্শন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।

উপাচার্য এ এফ এম আবদুল মঈন প্রথম আলোকে বলেন, মানসম্মত শিক্ষা এগিয়ে নিতে আমরা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছি। এটি বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার অগ্রগতিতে আমাদের যৌথ লক্ষ্য সহজতর করবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক মো. আসাদুজ্জামান, একাডেমিক কাউন্সিলের সদস্য মুশফিক মান্নান চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খলিফা মোহাম্মদ ওরফে হেলাল, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. গোলাম মর্তুজা তালুকদার, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, সেকশন অফিসার নুসরাত আরমিন প্রমুখ।