রাস্তা পার হওয়ার সময় প্রাণ গেল শিশুর
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপরোয়া গতির ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের নূরানী ফিলিং স্টেশনের সামনে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শিশুর নাম জান্নাতুল ফেরদাউস ওরফে জান্নাতি (৭)। সে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়া হাজী বাড়ির মো. ইউসুফের মেয়ে। সে স্থানীয় রব্বানীয় ফাজিল মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জান্নাতুল ফেরদাউস নূরানী ফিলিং স্টেশনের সামনে একা রাস্তা পার হওয়ার সময় সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে সে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবপ্রিয় দাশ প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে গেছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।