ফরিদপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুলাভাই-শ্যালক নিহত
ফরিদপুরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে একটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
নিহত দুজন হলেন মাগুরা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সাধন দাসের ছেলে বাঁধন দাস (২৭) ও তাঁর শ্যালক প্রান্ত সরকার (১৯)। প্রান্ত ফরিদপুর সদর উপজেলার উত্তর শোভারামপুর এলাকার গোকুল সরকারের ছেলে।
প্রান্তের চাচা সুশীল সরকার বলেন, ‘আমার ভাতিজা প্রান্ত এসএসসি পাস করে বর্তমানে ফরিদপুর মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়াশোনা করছেন। বাঁধন প্রান্তর বড় বোন পূজার স্বামী। বাঁধনের বাড়ি মাগুরা হলেও বিয়ের পর থেকে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি (বাঁধন) ফরিদপুর চকবাজারে ব্যবসা করতেন।’
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মুক্তা পরিবহনের বাসটি মাগুরা থেকে ফরিদপুর আসছিল। অপরদিকে মোটরসাইকেলটি মাগুরার দিকে যাচ্ছিল। বাস ও মোট সাইকেলের দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। লাশ দুটি উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, হাইওয়ে পুলিশ এখানে চেকপোস্ট বসিয়ে গণহারে গাড়িতে তল্লাশির করছিল। এ সময় মোটরসাইকেলটি দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করার সময় আকস্মিকভাবে পুলিশ রাস্তার ওপরে থামানোর নির্দেশ দেয়। দ্রুতগতির কারণে পুলিশকে এড়িয়ে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের নিচে চাপা পড়ে। মুক্তা পরিবহন নামের ওই বাসটি মোটরসাইকেলটিকে প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ জনতার ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।