ইমনের বাদাম বিক্রির টাকায় হয় পরিবারের ঋণের কিস্তি শোধ
‘বাদাম নেন, কড়া ভাজা বাদাম আছে, টাটকা বাদাম নেন’—কংক্রিটের সড়কের পাশে বসে এভাবেই হাঁকডাক দিচ্ছিল ১২–১৩ বছরের একটি শিশু। কাছে গিয়ে নাম জানতে চাইলে বলে, ইমন কাজী।
বাগেরহাট শহরের ওই সড়কের দুই পাশে সরকারি অফিস। এক পাশে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, অন্য পাশে জেলা জজ আদালত। তবে এই চত্বরকে অনেকেই বলেন ‘কোর্ট’। মামলা, দাপ্তরিক কাজসহ নানা প্রয়োজনে প্রতিদিন শত শত মানুষ আসেন এখানে। তাঁদের অনেকে ইমনের কাছ থেকে ১০, ২০ বা ৩০ টাকার বাদাম কেনেন। আবার কেউ কেউ না কিনলেও দাম জানতে চেয়ে দুই একটা বাদাম হাতে নিয়ে চলে যান।
কোনো দিন ৬০০, কোনো দিন ৭০০ টাকার বাদাম বিক্রি হয় ইমনের। দুই-তিন শ টাকা লাভ থাকে। লাভের টাকার সবটাই বাড়িতে মা–বার হাতে তুলে দেয় এই কিশোর। ইমন বলে, ‘কয়ডা যেন কিস্তি (ঋণের কিস্তি) আছে। এই টাহা দিয়ে সেই কিস্তি দেয় বাড়িত্তে।’
গত রোববার দুপুরে বাগেরহাট আদালত চত্বরে দেখা হয় ইমনের সঙ্গে। রোদের তাপে গরমের আগমন টের পাওয়া যাচ্ছিল। কিছুটা ক্লান্ত ইমন বোতলে করে আনা পানিতে গলা ভিজিয়ে নিচ্ছিল।
কথা বলতে বলতে জানা যায়, ইমনের বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলায়। অবশ্য সেখানে কখনোই যায়নি সে। জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি কোর্ট)–সংলগ্ন বাগেরহাট শহরের খারদ্বার এলাকার একটি বাড়িতে এখন ভাড়া থাকে তার পরিবার।
প্রায় তিন মাস হলো প্রতিদিন সকালে বাদাম বিক্রি করতে বের হয় ইমন।
বলে, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সে। বাবা আলিম গাজী রিকশা চালান। তিনিই বাজার থেকে কিনে এনে দেন কাঁচা বাদাম। মা জ্যোৎস্না বেগম সেই বাদাম ভেজে দিলে সকাল সকাল তা নিয়ে বেরিয়ে পড়তে হয় তাকে।
সকালে বাসা থেকে সোজা কোর্ট চত্বরে চলে আসে ইমন। কোনো দিন দুপুর, আবার কোনো কোনো দিন বিকেল পর্যন্ত থাকে। বিক্রি শেষ হলে বাড়িতে ফেরে। এরপর দুপুরের খাবার খায় সে। ইমন বলে, খারদ্বার এলাকার বাড়িতে মা-বাবার সঙ্গে কেবল সে–ই থাকে। তার বড় বোন ফাহিমার বিয়ে হয়েছে। কাজ করেন চট্টগ্রামের একটি পোশাক কারখানায়। সেখানেই থাকে তার মেঝ বোন।
স্কুলের কথা বলতেই ছোট্ট মুখটা মলিন হয়ে যায় ইমনের। একটু থেমে বলে, ‘ইস্কুলে যাই না। পড়া পারি না তো, তাই যাই না।’ তারপর কিছুটা সময় একদমই চুপ হয়ে থাকে। সামনে তাকিয়ে কী যেন ভাবে। এরই মধ্যে স্কুল ড্রেস পরা তার বয়সী দুটি শিশুকে দেখে হাসিমুখে বলে, ‘আমিও ইস্কুলে যাইতাম। নানার বাড়িত ইস্কুলে থ্রি পর্যন্ত পড়িছি। চিতলমারী আছে না, আমার নানাবাড়ি, তহন সেইহানের ইস্কুলে পড়তাম।’
ইমন জানায়, করোনার কারণে স্কুল বন্ধ হয়ে গেলে নানাবাড়ি থেকে বাগেরহাটে চলে আসে সে। এরপর দুই বছর স্কুলে যাওয়া হয়নি। পরে গত বছর মা–বাবা শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি করেছিলেন তাকে। কিন্তু এখানে নতুন ক্লাসে আর সেভাবে তাল মেলাতে পারেনি সে।
বিদ্যালয়ে যেতে ইচ্ছা করে বলেই জানায় ইমন। বলে, ‘কিন্তু স্যাররা কইছে, পড়ালেহা পারি না। কী হরবো, কেউ তো পড়া দেহায় দেনা। আগে বইন (মেঝ বোন) এহেনে থাকতি পড়া দেহায় দেত। ও তো নাইনি পড়ে। কিন্তু এহেনে তো এখন থাহে না। আর সারা দিন তো এখন বাদামই বেচি।’