ফরিদপুরে কিশোরীকে হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন
ফরিদপুরে এক কিশোরীকে হত্যার দায়ে মো. আলী হাসান সরদার (৩৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা একটার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মো. আলী হাসান সরদার পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২ অক্টোবর ওই কিশোরীকে হত্যার ঘটনা ঘটে। এর ৯ বছর পর আজ মামলার রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত মো. আলী হাসান সরদার ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার সিঅ্যান্ডবি কলোনি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, ২০০৫ সালে সাত বছর বয়সে ফরিদপুর শহরের কমলাপুর মহল্লার দবিরউদ্দিনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে মেয়েটি। ২০১৪ সালের সেপ্টেম্বরে ওই বাড়ির ভাড়াটিয়া মো. আলী হাসান সরদার কিশোরীকে কুপ্রস্তাব দিলে সে রাজি হয়নি। একপর্যায়ে আলী হাসান মেয়েটিকে হত্যার হুমকি দেন। এরপর ২ অক্টোবর রাত আটটার দিকে দবিরউদ্দিনের ঘরের মেঝে থেকে কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ৩ অক্টোবর মো. আলী হাসান সরদারসহ দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২০১৫ সালের ১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান। অভিযোগপত্রে মো. আলী হাসান সরদারকে একমাত্র আসামি করা হয়।
জেলা আদালতের সরকারি কৌঁসুলি নওয়াব আলী বলেন, ১৮৮০ সালের ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারায় হাসান আলীকে জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকে এ দণ্ড কার্যকর হবে।