ঝিনাইদহে একই স্থানে ফিরোজের অনুসারী ও কৃষক দলের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম ফিরোজের অনুসারী ও কৃষক দল ইফতার মাহফিল আয়োজন করায় অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আজ রোববার কালীগঞ্জ পৌর শহরের নলডাঙ্গা রোডসংলগ্ন মাহিন্দ্রা লেগুনা স্ট্যান্ড এলাকায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল।
অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস এই ১৪৪ ধারা জারি করেন। রোববার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, একই স্থানে দুই পক্ষের লোকজন ইফতার মাহফিলের আয়োজন করায় অনুষ্ঠানস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক ১৪৪ ধারা জারি করেছেন। একই সঙ্গে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শুরু করেন তিনি। পরে পুলিশ মাহফিলস্থলে এসে নেতা–কর্মীদের সরিয়ে দেন।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল ধানের শীষের প্রার্থীর নেত্রী না। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্দিনে রাজপথে লড়াই করেছি। আজ অন্য দল থেকে উড়ে এসে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি হয়ে গেছে অনেকে। আজ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ইফতার মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ জানান, তাঁরা ইফতার মাহফিলের আয়োজন করলেও প্রশাসন ১৪৪ ধারা জারি করায় বন্ধ রেখেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।