পাহাড় আর কাটা হবে না, এটা নির্দেশ: চট্টগ্রামে ভূমিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী
ফাইল ছবি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘পাহাড় আর কাটা হবে না। এটা আমার মুখের কথা নয়। এটা নির্দেশ। ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনেও এ–সংক্রান্ত শাস্তির বিধান রাখা হয়েছে। পাহাড় কাটা ক্রিমিনাল অফেন্স।’

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় পাহাড় কাটা বিপর্যয় রোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং এএলআরডি যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সভায় ভূমিমন্ত্রী পাহাড় কাটা প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হতে বলেছেন। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থা যদি কঠোর থাকে, তাহলে পাহাড় কাটা সম্ভব নয়। পাহাড় কাটার বিরুদ্ধে জেলা ও পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। সচেতন থাকতে হবে নগরবাসীকেও। পাহাড় কাটা রোধে সিটি করপোরেশন এবং সিডিএকেও দায়িত্ব পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

পাহাড় কাটা নিয়ে আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. কামাল হোসাইন।

তাঁদের বক্তব্যে চট্টগ্রামে পাহাড় কাটার করুণ চিত্র উঠে এসেছে। চট্টগ্রামে ৩২ বছরে ৮৮ পাহাড় সম্পূর্ণ এবং ৯৫টি আংশিক কেটে ফেলা হয় বলে প্রবন্ধে উল্লেখ করা হয়। ১৯৭৬ সালে নগরে ৩২ বর্গকিলোমিটার পাহাড় ছিল। ২০০৮ সালে তা কমে হয় ১৪ বর্গকিলোমিটার।

প্রবন্ধ উপস্থাপনের পর বক্তব্য দিতে গিয়ে ভূমিমন্ত্রী বলেন, ‘পাহাড় রক্ষণাবেক্ষণ করতে হবে। নির্দিষ্ট সময় পরপর স্যাটেলাইট ইমেজ নিয়ে পাহাড় পর্যবেক্ষণে রাখতে হবে। এ বিষয়ে আমি ডিসিকে নির্দেশ দিচ্ছি। তিনি পাহাড় জরিপের ব্যবস্থা করবেন। পাশাপাশি এখন যেসব উপজেলায় পাহাড় রয়েছে, সেখানেও পাহাড় কাটা প্রতিরোধে কমিটি গঠন করতে হবে। এ বিষয়ে আমি ঢাকায় গিয়ে একটা নির্দেশনা ইস্যু করে দেব।’

নগরের কয়েকটি পাহাড় নিশ্চিহ্ন হওয়ার কথা উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার সারসন রোডের বাসার অদূরে বেভারলি হিল ১৯৯২ সালে বিত্তশালী কয়েকজন নিশ্চিহ্ন করে ফেলেছেন। একইভাবে দক্ষিণ খুলশীতেও পাহাড় কেটে আবাসিক এলাকা গড়ে উঠেছে। দুর্ভাগ্যজনক যে আমরা চট্টগ্রামের সৌন্দর্য ধরে রাখতে পারিনি।’

বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘১৯ জেলায় পাহাড় রয়েছে। পাহাড় কাটা বন্ধে হাইকোর্ট বিভিন্ন সময় নির্দেশ দিয়েছেন। ১৯৮৩ সালে ভূমি প্রশাসন ও সংস্কার বিভাগ থেকেও পাহাড় কাটা নিষিদ্ধ করা হয়। কিন্তু আমাদের প্রশাসন পাহাড় কাটা বন্ধে সফল হতে পারেনি।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘চট্টগ্রামে বর্তমানে যেসব পাহাড় অবশিষ্ট রয়েছে, তা রক্ষায় আমরা কী করতে পারি, সেটাই এখন উদ্যোগ নিতে হবে। একজন কাউন্সিলর নগরের আকবরশাহ এলাকায় পাহাড় নিশ্চিহ্ন করে ফেলছেন। তাঁর বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না।’

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের অবশিষ্ট পাহাড়গুলোর সমন্বিত জরিপ করা হবে। আয়তন, উচ্চতা ইত্যাদি জরিপ করে দুই মাসের মধ্যে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। পাহাড় কাটা রোধে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে চলেছে।

আলোচনায় আরও অংশ নেন ফোরাম ফর প্ল্যান চট্টগ্রামের সভাপতি মুহাম্মদ সিকান্দর খান, উপদেষ্টা শফিক হায়দার চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সফিজুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক, জ্যেষ্ঠ সাংবাদিক জসিম চৌধুরী প্রমুখ।