মদনে অপহরণের পর ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
নেত্রকোনার মদনে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) অপহরণের পর ধর্ষণের মামলায় ফারুক মিয়া (২২) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আকাশ্রী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়েটির মা বাদী হয়ে ফারুকসহ ছয়জনকে আসামি করে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গ্রেপ্তার ফারুক মিয়া নায়েকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী। এর আগে তিনি জাতীয়তাবাদী নবীন ও প্রচার দলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ জুন ফারুক তাঁর কয়েকজন সহযোগী নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করেন। পরে মেয়েটিকে ধর্ষণ করেন ফারুক। এ ঘটনার দুই সপ্তাহ পর ২১ জুন মেয়েটির মা বাদী হয়ে ফারুকসহ ছয়জনকে আসামি করে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামিরা সেই থেকে পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে ওই বছরের ডিসেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি ফারুকের নিজ বাড়িতে অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।