রাজাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুকুর ও খালে ডুবে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি ও গালুয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকার মো. নজরুল হাওলাদারের ১ বছর ৩ মাস বয়সী ছেলে মো. ইয়ামিন ও গালুয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার মো. বাহাদুর খলিফার ১৪ মাস বয়সী ছেলে মো. ইয়াসিন।
ইয়ামিনের চাচা মো. আল-আমিন বলেন, ইয়ামিনকে সঙ্গে নিয়ে তার মা শাহনাজ বেগম রান্না করছিলেন। হঠাৎ ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে ইয়ামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ইয়াসিনের দাদা আবদুস ছালাম বলেন, ইয়াসিনকে নিয়ে তার মা ছনিয়ার বেগম রান্নার আয়োজন করছিলেন। ইয়াসিন খেলা করতে করতে সবার অগোচরে ঘরের পাশের খালের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন ইয়াসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।