যাত্রীবাহী নৌকাকে চাপা দিল বাল্কহেড, মাঝিসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশালে আড়িয়াল খাঁ নদ পারাপারের একটি ইঞ্জিনচালিত নৌকাকে বাল্কহেড চাপা দিয়েছে। এতে নৌকায় থাকা ২৫ যাত্রী প্রাণে বাঁচলেও নৌকার মাঝিসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ–সংলগ্ন নদে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বরিশাল নগরের কাউনিয়া থানার পুলিশ বাল্কহেডটি আটক করেছে।

আহত ব্যক্তিদের মধ্যে নৌকার মাঝি জামাল ফকিরের অবস্থা গুরুতর। গতকাল রাতেই তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই নৌকার দুই যাত্রী জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ২৫ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি শায়েস্তাবাদ বাজার থেকে নদের ওই পারে যাচ্ছিল। নৌকাটি মাঝনদে পৌঁছালে মুজাহিদ-১ নামের একটি বাল্কহেড নৌকাটিকে চাপা দেয়। এতে নৌকায় থাকা যাত্রীদের বেশ কয়েকজন নদীতে ছিটকে পড়েন। বাকিরাও প্রাণ বাঁচাতে নদে ঝাঁপ দেন। এ সময় যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় লোকজন নৌকা নিয়ে ছুটে এসে দ্রুত তাঁদের উদ্ধার করে কিনারে নিয়ে আসেন। তবে এ ঘটনায় কোনো যাত্রী নিখোঁজ নেই।

বাল্কহেডের চালক মো. মুরাদ হোসেন বলেন, তিনি বাল্কহেডটি নিয়ে বাবুগঞ্জ থেকে বরিশাল সদরের চরমোনাই এলাকায় যাচ্ছেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় তিনি চেষ্টা করেও এর গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। ফলে নৌকাটির সঙ্গে সংঘর্ষ হয়েছে। বাল্কহেডটির মালিক বরিশাল নগরের রুপাতলী এলাকার আবুল বাশার।

বরিশাল নগরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই কাউনিয়া থানার পুলিশ, বরিশাল সদর নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনার পর বাল্কহেডটিকে জব্দ করে তীরে নোঙর করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, রাতে নদ-নদীতে বিশেষ করে যাত্রীবাহী লঞ্চ চলাচলকারী নৌ রুটে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের নৌপথে অহরহ এসব বিপজ্জনক বাল্কহেড চলাচল করছে। ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।