টাঙ্গাইলে রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি

নবজাতকপ্র্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে জীবিত অবস্থায় একটি নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় নবজাতককে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা আবদুর ছালাম (৬৫)। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি ঝোপের ভেতর একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। রাতে খোলা পরিবেশে পড়ে থাকায় তার শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। উদ্ধারের পর দ্রুত শিশুটিকে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক শামসুল আলমের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

চিকিৎসক শামসুল আলম বলেন, শিশুটির তীব্র শ্বাসকষ্ট হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর উপজেলার কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন বলেন, আপাতত শিশুটি এলাকার এক নিঃসন্তান দম্পতি ইব্রাহিম ও নার্গিসের হেফাজতে রয়েছে। তাঁরা শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।

সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, ‘রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধারের বিষয়টি জেনেছি। শিশুটির চিকিৎসা চলছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’