সেন্ট মার্টিনে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট মার্টিনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দোকানে প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করছেন স্থানীয় লোকজন। গত মঙ্গলবার দুপুরে দ্বীপের গলাচিপা এলাকায়
ছবি: প্রথম আলো

প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, তেল, চিনির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাচ্ছেন কক্সবাজারের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা। এ জন্য দ্বীপের মধ্যভাগে গলাচিপা এলাকায় খোলা হয়েছে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ নামে একটি দোকান। পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী এ কর্মসূচির উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন।

কর্মসূচির উদ্যোক্তা ও দ্বীপের বাসিন্দারা বলছেন, বঙ্গোপসাগরের মধ্যে ৮ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ সেন্ট মার্টিনে সাড়ে ১০ হাজার অধিবাসীর বসবাস। ছোট্ট এ দ্বীপে পর্যটন মৌসুমে আরও কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। তখন দ্বীপের জীববৈচিত্র্য, পরিবেশ-প্রতিবেশ হুমকিতে পড়ে। হোটেল-রেস্তোরাঁর বর্জ্যে দূষিত হচ্ছে সাগরের নীল জল। প্লাস্টিক বর্জ্যে বিপন্ন হচ্ছে সামুদ্রিক প্রাণী। মারা পড়ছে গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসা মা কচ্ছপ, দ্বীপের চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাল-শৈবাল।

এমন অবস্থায় দ্বীপের প্লাস্টিক বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। গত মঙ্গলবার প্রথম দিনে দ্বীপের অন্তত ৪০০ জন মানুষ ৪ মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে দোকান থেকে পছন্দের খাদ্যপণ্য নিয়ে বাড়িতে ফেরেন। প্রতি মাসে একবার এ কর্মসূচি পরিচালনা করা হবে বলে বিদ্যানন্দ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।

প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে পছন্দের পণ্য নিচ্ছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা
ছবি: প্রথম আলো

মঙ্গলবার দুপুরে পাঁচ কেজি ওজনের প্লাস্টিক বর্জ্য (মিনারেল ওয়াটার ও কোমল পানীয় বোতল) নিয়ে দোকানে আসেন গলাচিপা এলাকার জেলে আবুল কাশেম। বিনিময়ে তিনি পেয়েছেন ১ লিটার সয়াবিন তেল ও ১০টি ডিম। মাঝরপাড়ার জেলে নবী হোসেন সাত কেজি ওজনের প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে পেয়েছেন একটি লুঙ্গি। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানে প্লাস্টিক পণ্যের খালি বোতল, পলিথিন জমা দিয়ে স্থানীয় লোকজন চাল, ডাল, তেল, চিনি, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য নিয়ে গেছেন।

দেখা গেছে, ১ কেজি ওজনের প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে দোকান থেকে কেউ ১ কেজি চাল, কেউ ১ কেজি সুজি, ১ কেজি বুটের ডাল কিংবা ২ প্যাকেট নুডলস কিংবা ১০টি ডিম নিয়ে বাড়িতে ফিরছেন। দুই কেজি প্লাস্টিক বর্জ্য জমা দিলে মিলছে এক কেজি আটা। তিন কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে এক কেজি মসুর ডাল। পাঁচ কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পাওয়া যায় এক লিটার সয়াবিন তেল। ছয় কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলে একটি লুঙ্গি।

পর্যটকের ফেলে দেওয়া প্লাস্টিকসামগ্রীর বিনিময়ে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে খুশি স্থানীয় লোকজন। প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে লুঙ্গি পাওয়া নবী হোসেন (৫৫) বলেন, ভ্রমণে আসা লোকজনের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য সমুদ্রে চলে যায়। এত দিন প্লাস্টিক বর্জ্য সংরক্ষণের উদ্যোগ ছিল না। ফলে দ্বীপের চেহারা দিন দিন ম্লান হচ্ছিল।

সেন্ট মার্টিন বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিব খান বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগ চলমান থাকলে দ্বীপের হারানো ঐতিহ্য কিছুটা হলেও ফিরে আসবে।

পর্যটকের ফেলে দেওয়া প্লাস্টিকসামগ্রী সেন্ট মার্টিন দ্বীপের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে
ছবি: প্রথম আলো

জেলা প্রশাসনের সহযোগিতায় প্লাস্টিক বর্জ্য সংগ্রহের বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী কয়েক দিন ধরে দ্বীপে প্রচারণা চালান বলে জানিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের গণসংযোগ কর্মকর্তা সালমান খান ইয়াছিন। প্রথম দিনে বর্জ্য সংগ্রহে ব্যাপক সাড়া পাওয়ার কথা উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, মঙ্গলবার কর্মসূচির প্রথম দিন অন্তত ৪০০ পরিবারের লোকজন ৪ মেট্রিক টনের বেশি প্লাস্টিক বর্জ্য দোকানে নিয়ে আসেন। বিনিময়ে ৪ লাখ ২০ হাজার টাকার চাল, ডাল, তেল, চিনি, লবণ, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে গেছেন। প্রতি মাসে একবার দোকানে এসে লোকজন প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে যেতে পারবেন।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য অপসারণ হলে দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা পাবে, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। পাশাপাশি দ্বীপের বাসিন্দারাও প্লাস্টিকের পরিবর্তে পণ্যসামগ্রী পেয়ে লাভবান হবেন।

সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্যগুলো ট্রলারে ভরে কক্সবাজারে নিয়ে এসে সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির মানুষের আদলে ‘প্লাস্টিক দানব’ নির্মিত হবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সংস্থাটির স্বেচ্ছাসেবীরা বলছেন, এই দানব তৈরির মাধ্যমেই বিদ্যানন্দ ফাউন্ডেশন সমাজকে একটি বার্তা দিতে চায়, প্লাস্টিকের বর্জ্য ফেলে যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে, তা ধীরে ধীরে দানবে রূপ নিচ্ছে। আর এ দানবই পরবর্তীকালে মানবসমাজের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।