ছাত্রলীগ কর্মীর করা মামলায় জামিন পেলেন আরও এক সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলার মানচিত্র

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ছাত্রলীগের কর্মীর করা চাঁদাবাজির মামলায় এবার জামিন পেলেন সাংবাদিক আবদুল জাহির মিয়া। আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেইন তাঁর জামিন মঞ্জুর করেন।

গত বৃহস্পতিবার ঈদুল আজহার দিন রাতে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান চুনারুঘাট থানায় সাংবাদিক আবদুল জাহির মিয়া ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। ওই দিনই মধ্যরাতে পুলিশ আবদুর রাজ্জাককে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁকে হাতকড়া পরানো অবস্থায় থানার সামনে দাঁড় করিয়ে ছবি তোলা হয়। এ নিয়ে প্রতিবাদ করেন স্থানীয় সাংবাদিকেরা। আবদুর রাজ্জাক গতকাল সোমবার হবিগঞ্জ আমলি আদালত থেকে জামিন লাভ করেন।

আরও পড়ুন

ছাত্রলীগ কর্মীর করা এ মামলার প্রধান আসামি সাংবাদিক আবদুল জাহির মিয়া আজ মঙ্গলবার হবিগঞ্জ আমলি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। জামিন আবেদনের ওপর শুনানি শেষে হবিগঞ্জের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেইন জামিন মঞ্জুর করেন। বিবাদীপক্ষের আইনজীবী শফিউল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি সাতছড়ি বনের গাছ পাচার নিয়ে দৈনিক সিলেট পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম মিয়া সাংবাদিক আবদুল জাহির মিয়ার ওপর ক্ষিপ্ত হন। গত ২৩ জুন দুপুরে চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া মাজারের সামনে সায়েমের নেতৃত্বে সাংবাদিক আবদুল জাহির মিয়ার ওপর হামলা হয়। আহত সাংবাদিক রাতে থানায় অভিযোগ দিতে গেলে আবার তাঁর ওপর হামলা করেন ছাত্রলীগের নেতারা।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাংবাদিক আবদুল জাহির ২৫ জুন হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে একটি মামলার আবেদন করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ২৭ জুন মামলাটি থানায় রেকর্ড হয়।

ওই মামলা রেকর্ড হওয়ার ২৪ ঘণ্টা পার না হতেই ঈদের দিন রাতে সাংবাদিক আবদুল জাহির মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ছাত্রলীগের কর্মী মহিবুর রহমান। এই মামলায় আসামি করা হয় একই উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক আবদুর রাজ্জাককেও। তিনি দৈনিক খোলা কাগজ পত্রিকার চুনারুঘাট উপজেলা প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি।