মেহেরপুরে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪ কর্মী আহত
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক নারী কর্মীসহ চারজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা খালিদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ কর্মী তেলা শেখ (৪৬) ও নারী কর্মী মুক্তা খাতুন (৩৭)। তাঁরা সবাই স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানের কর্মী-সমর্থক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাগোয়ান গ্রামের পাঠানপাড়ার আওয়ামী লীগের (নৌকা) প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের একটি নির্বাচনী প্রচার ক্যাম্প আছে। এর দক্ষিণ পাশে মসজিদের কাছে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যাপক আব্দুল মান্নানের পথসভা চলছিল। পথসভায় আব্দুল মান্নানের বক্তব্যের সময় জোরে মাইক বাজাতে শুরু করে নৌকার কর্মী-সমর্থকেরা। এ সময় শহিদুল ইসলাম ও খালিদুজ্জামানসহ বেশ কয়েকজন কর্মী নৌকা প্রতীকের প্রচার মাইকের শব্দ কমাতে বলেন। এতে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী কর্মীদের ওপর হামলা চালান। হামলায় ওই চারজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমাদের পথসভায় এমন হামলা মেনে নেওয়া যায় না। হামলায় আমাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি ইলেকশন কমিশনারকে জানানো হবে।’
এ বিষয়ে জানতে চাইলে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, তাঁদের কর্মীদের ওপর প্রথমে হামলা হয়েছে। এমনকি অফিসের চেয়ারও ভাঙচুর করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে এলাকার অবস্থা স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।