মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ১১ জন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁরা হলেন— এনামুল হক হাওলাদার (৪০), তারাই হাওলাদার (২৮), জয়নাল হাওলাদার (২৭), ধলু মাতুব্বর (৫০), মুন্না হাওলাদার (২৫), ইউনুস হাওলাদার (৫০), অলি মাতুব্বর (৪৫), জাহিদুল মোল্লা (৪২), শওকত ফকির (২৭), ইসরাফিল ফকির (৩৫) ও সাখাওয়াত হোসেন (৩৮)। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জয়নাল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে আহত সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘কিশোরদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাওলাদার আর মোল্লা বংশের লোকজনের মধ্যে মারামারি হয়। মূলত এলাকায় প্রভাব বিস্তার করার জন্য মাহাবুব মোল্লার লোকজন হাওলাদার বংশের লোকজনকে লক্ষ্য করে হামলা চালায়। আমরা প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে তানভীর হাওলাদারের সঙ্গে মাহাবুব মোল্লার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে আগেও দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় মাহাবুব মোল্লার সমর্থক আরমান মোল্লার সঙ্গে তানভীর হাওলাদারের সমর্থক আরাফাত হাওলাদারের কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গতকাল রাত ১২টা পর্যন্ত মাদারীপুর সদর হাসপাতালে ১১ জনকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাহাবুব মোল্লা বলেন, ‘এলাকায় কিশোরেরা মারামারি করেছে। এখানে আমার কোনো হাত নেই। মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না। এলাকায় শান্ত পরিবেশ ঠিক থাকুক, সেটা আমিও চাই। কিন্তু হাওলাদারেরা বিনা উসকানিতে সুযোগ পেলেই মোল্লাদের ওপর হামলা চালিয়ে উল্টো দোষ চাপিয়ে দেয়।’
এ বিষয়ে তানভীর হাওলাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ধরেননি।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় মণ্ডল প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় দুই পক্ষের কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।