সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে নারী, বিজিবি বলছে ‘পুশ ইনের’ চেষ্টা
মাথার ওপর প্রখর রোদ। চারদিকে ধু ধু মাঠ। আশপাশে কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক পাহারা। এর মধ্যেই সীমান্তের শূন্যরেখায় বসে আছেন এক নারী। কখনো এদিক, কখনো ওদিক যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই ঢুকতে পারছেন না। এভাবেই দুই দিন ধরে একই জায়গায় অবস্থান করছেন ওই নারী।
ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার বিকেল চারটা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। গতকাল সারা দিনের পর আজও তীব্র রোদে খোলা আকাশের নিচে তাঁকে থাকতে হয়েছে।
আমাদের পাশে আমরা সতর্ক অবস্থানে আছি। ওই পাশে বিএসএফও অবস্থান নিয়ে আছে। তবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, ওই নারীকে তারাই পুশ ইনের চেষ্টা করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।হাসানুর রহমান, অধিনায়ক ও লেফটেন্যান্ট কর্নেল, জামালপুর ৩৫ বিজিবি
ওই নারীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬-এর কাছ দিয়ে ওই নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সদস্য ও স্থানীয় লোকজনের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা নিজ নিজ সীমান্তে সতর্ক অবস্থান নেওয়ায় গতকাল ওই নারী কোনো দেশে প্রবেশ করতে পারেননি। আজ দুপুরেও একই অবস্থায় দেখা যায় তাঁকে। একদিকে তীব্র রোদ, অন্যদিকে সীমান্তরক্ষীদের কড়া নজরদারি—সব মিলিয়ে মানবিক সংকটের মধ্যে পড়েছেন ওই নারী।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের ভাষ্য, বিএসএফ ওই নারীকে পুশ ইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির বাধার কারণে পুশ ইন করতে পারেনি। এর পর থেকে ওই নারী আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় রয়েছেন।
হাসানুর রহমান আরও বলেন, ‘আমাদের পাশে আমরা সতর্ক অবস্থানে আছি। ওই পাশে বিএসএফও অবস্থান নিয়ে আছে। তবে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা পুশ ইনের বিষয়টি অস্বীকার করেছে। কিন্তু আমাদের কাছে ভিডিও আছে, ওই নারীকে তারাই পুশ ইনের চেষ্টা করেছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’