মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল অশীতিপর বৃদ্ধের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অশীতিপর বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাজ্জাক মোল্লা (৮৫)। তিনি সদর উপজেলার ভদ্রখোলা এলাকার মৃত কাজেম মোল্লার ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাঁতিবাড়ি এলাকা থেকে ভদ্রখোলা ফিরছিলেন রাজ্জাক মোল্লা। মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএমএফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাজ্জাক মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মারুফ রহমান বলেন, যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক বৃদ্ধ মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। বাসটিকে পুলিশ জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।